২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাজির সুরের ঘোরে

জন্মসূত্রে  লেবানিজ, পাসপোর্টে লেখা ফরাসি আর সুরের টানে ঘুরে বেড়ান দেশ থেকে দেশে। নিজেকে ‘সংগীতের অভিযাত্রী’ হিসেবে পরিচয় দেওয়া ক্ষ্যাপাটে  মানুষটি জাতে বাউল। সুরের যাত্রায় বাংলাদেশে  আগেও এসেছিলেন দুবার। এবার এলেন এ দেশের বাউলদের সঙ্গে তাল মেলাতে।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 05:04 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

ঢাকার আলিয়স ফ্রঁসেজ এবং ফরাসি দূতাবাসের আয়োজনে বিশ্ব সংগীত দিবসের সন্ধ্যায় বাংলাদেশের শ্রোতাদের আরও একবার সুযোগ হল আবাজির দর্শন পাওয়ার। আষাঢ়ের ভেজা হাওয়া গায়ে লাগছে বেশ কিছুদিন ধরেই, কিন্তু বিশ্বের দুই প্রান্তের বাউলদের মেলবন্ধনে সুরের ঝড় যেন ভাসিয়ে নিয়ে গেল সবাইকেই।

‘ইফ মিউজিক বি দ্য ফুয়েল অফ লাভ, লেট ইট প্লে অন!’- শেক্সপিয়ারের পংক্তি  ধার করেই সুরসন্ধ্যার আয়োজনে উপস্থাপক স্বাগত জানালেন সবাইকে। অনুষ্ঠানের শুরু সাড়ে ছয়টায় হওয়ার কথা থাকলেও প্রায় আধ ঘণ্টা দেরি হয়ে গেছে। কিন্তু গেরুয়া বসন, সাদা প্যান্ট আর একমাথা ঝাঁকড়া চুলের আবাজি যখন তার লম্বা বাঁশি নিয়ে মঞ্চে তুললেন সুরের ঢেউ তখন সবাই ভুলে গেলেন অপেক্ষার বিড়ম্বনা।

Image
তৃতীয়বারের মতো বাংলাদেশে এলেন আবাজি।

তৃতীয়বারের মতো বাংলাদেশে এলেন আবাজি।

“আপনারা কি গল্প পছন্দ করেন? কারণ, আমি কিন্তু আসলে গান গাই না! আমার কণ্ঠ আর বাদ্যযন্ত্র দিয়ে আমি আসলে সবার সঙ্গে গল্প করি!”

গানের ফাঁকে ফাঁকে গল্প, গল্পের ফাঁকে নাচ, আবার নাচের মাঝে সুর- দুই ঘণ্টার আয়োজনে ভীষণ আমুদে এই মানুষটি মুগ্ধতা ছড়িয়ে গেলেন সবার মাঝেই।

শুরুটা হল বাঁশির সুরে। অনেকটা অ্যাফ্রো-ইউরোপীয় সুরে আবাজি কেবল বাঁশিই বাজাচ্ছিলেন না, গ্যালারিভর্তি দর্শকদেরকেও নিজের সঙ্গে গান গাইয়ে ছাড়ছিলেন। আর তাই পরিবেশনার মাঝখানেই আবাজির আমন্ত্রণ, ‘আসুন, আমার সঙ্গে যোগ দিন!’ ইতস্তত গুনগুন থেকে যেটা মোড় নিল স্বতঃস্ফুর্ত গলা ছেড়ে গানে।

“আমার কাছে, সংগীত আসলে ভ্রমণের মতো। ভ্রমণের সময় আমাদের সবারই ছোটখাট কিছু জিনিস লাগে। আমার ক্ষেত্রে আমার বাদ্যযন্ত্রগুলোই সেইসব জিনিস। এগুলো আমি নিজেই বানিয়ে নিই অথবা অন্যরা আমাকে তৈরি করে দেন। এই যে এটা দেখছেন, এটা কিন্তু সাধারণ কোন বাঁশি নয়। এটা হলো বাঁশের ক্ল্যারিনেট।”-- প্রায় চারশ বাদ্যযন্ত্রের সংগ্রাহক এভাবেই পরিচয় করিয়ে দিলেন নিজের সঙ্গীকে।

Image
তৃতীয়বারের মতো বাংলাদেশে এলেন আবাজি।

তৃতীয়বারের মতো বাংলাদেশে এলেন আবাজি।

এরপরই হাতে তুলে নিলেন গিটারের মতো দেখতে আরেকটি যন্ত্র। আবাজির আঙুল তখন বিদ্যুতগতিতে খেলছে গিটারের তারে। আর তার কণ্ঠে প্রাচ্যের ছোঁয়ামিশ্রিত অজানা এক গান।

গানের শেষে জানালেন, “এটা কিন্ত গিটার নয়। দেখতে গিটারের মতো কিন্ত আসলে এটা  ফ্রেটবিহীন গিটার। এটা আসলে একটা স্বপ্ন, যেটা তৈরি করা হয়েছে স্প্যানিশ গিটার আর আরেকটি যন্ত্রের সংমিশ্রণে।”

নিজের স্বপ্নের যন্ত্রটি দিয়েই আবাজি শুরু করলেন তার তৃতীয় গান। বাজাতে বাজাতেই বলে উঠলেন, “ এই গানের নাম ‘বাটারফ্লাই’। তাই প্রজাপতির মতোই পাখা মেলে দুলে উঠুন আমার সঙ্গে!” খুশির আবহ ছড়ানো গানটি শেষে হেসে উঠলেন তিনি। তরল গলায় জানিয়ে দিলেন সংগীত নিয়ে তার সত্যিকার দর্শনের কথা “গানের জন্মই আসলে আনন্দ পাওয়ার জন্য। আমি মজা পাই বলেই গান করি !”

হাসতে হাসতেই জানালেন ঢাকাবাসির প্রতি নিজের মুগ্ধতার কথা।

“ঢাকার মানুষেরা, আপনারা দারুণ! আপনারা এতো শান্ত, আমিতো দেখে মুগ্ধ হয়ে গেছি। এত ট্রাফিক জ্যামও আপনাদের দুশ্চিন্তার জালে বাঁধতে পারেনা। এতো সমস্যার মধ্যেও আপনারা কত্ত সুখী!”

Image
গাইতে শোনা গেলো রব ফকিরকে।

গাইতে শোনা গেলো রব ফকিরকে।

আবাজির কথায় হাসির রোল উঠলো দর্শক সারিতে। কারণ অবিরাম বৃষ্টির কারণে কাকতালীয় ভাবেই সেদিন যানজট ছিল ভয়াবহ। জলাবদ্ধতা আর রাস্তার ধকল পার হয়েই আবাজির অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাই।

“প্যারিসে কিন্তু এটা হয় না। ওখানে সবার খুব তাড়া থাকে। পথে একটু দেরি হলেই রাগী রাগী চোখে তাকায়। অনেকে তো ভাংচুরও শুরু করে! তবে এবারের গান প্যারিস নিয়ে নয়, মরক্কোর এক ছোট্ট শহর নিয়ে। ”

অনেকটা ম্যান্ডোলিনের মতো দেখতে ‘ওউদ বউজুকি’ নামের বাদ্যযন্ত্রটি হাতে নিয়ে শুরু করে দিলেন গান। আবাজির গান আর দর্শকদের ছন্দময় তালি। এভাবে চলা তৃতীয় এই গান শেষে তিনি জানালেন, সুর নিয়ে খেলতে দারুণ ভালোবাসেন তিনি। ঢাকাকে নিয়েও সুর বেঁধেছেন। ‘লাভলি ঢাকা’ নামের সেই সুরটি বাজালেন ঢাকাবাসিনী এক বংশীবাদকের সঙ্গেই।

এরপর পরিচয় করিয়ে দিলেন ফিলিপ নামের আরেকজনের সঙ্গে। স্থানীয় এই যন্ত্রীর মন্দিরা আর তবলার তানের মাউথ অর্গান আর ঢোল বাজিয়ে আরেকবার নিজের সংগীতায়োজনে সবাইকে মুগ্ধ করলেন তিনি। গানের শেষে বাজালেন ‘কেমিচি’ নামের আরেকটি যন্ত্র। ভায়োলিন আর দেশি দোতারার মাঝামাঝি ছোট্ট এই যন্ত্রটি তুরস্ক থেকে বানিয়ে এনেছেন বলে জানালেন তিনি।

Image
আবাজীর সঙ্গী একদল বাউল শিল্পী।

আবাজীর সঙ্গী একদল বাউল শিল্পী।

এরপরই মঞ্চে আমন্ত্রণ জানালেন বাউল রব ফকির, বেবি দেওয়ান ও তাদের দলকে। বাউলদের ঐতিহ্য অনুসারে ঈশ্বর আর অগ্রজদের বন্দনা করে শুরু করলেন রব ফকির। আবাজিকে উদ্দেশ্য করে বললেন, “ওস্তাদ যা দেখালেন, তা অনেক সাধনার ব্যাপার।”

শুরু করলেন লালনগীতি দিয়ে। হারমোনিয়ামে নজরুল ইসলাম, বাঁশিতে জালাল আহমেদ, ঢোলে পরান ফকির, মন্দিরাতে শামিম ইসলাম আর বেবি দেওয়ানকে নিয়ে গাইলেন ‘জগৎভক্তিতে ভোলালেন সাঁই। পরের গানটিও লালনগীতি-‘শব্দের ঘরে নিঃশব্দ’।

লালনের মরমীয়া ভাব ততক্ষণে আচ্ছন্ন করেছে পুরো গ্যালারিকে। ঠিক এমনসময়ই ‘ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও’ নিয়ে মঞ্চে উঠলেন বেবি দেওয়ান।  শাহ আব্দুল করীমের বিখ্যাত গানটির সুর ছুঁয়ে গেল আবাজিকেও।  সেই আবেগের তোড়েই হয়তো বাউলদের সঙ্গে পারকাশন নিয়ে যোগ দিলেন তিনি।

বেবি দেওয়ান তখনো গাইছেন। এবারেরটি রাধা-মাধবের গান  ‘আজ রাধার সনেই, মিলিল মিলিল কানাই।’ এর মধ্যেই বাজানো বন্ধ করে  নাচতে শুরু করলেন আবাজি। নাচ থামিয়ে এবার বাঁশি হাতে তুলে নিলেন তিনি। 

Image
আবাজীর কনসার্ট শুনতে আসনে দেশি-বিদেশি শ্রোত।

আবাজীর কনসার্ট শুনতে আসনে দেশি-বিদেশি শ্রোত।

“এবারের গানটির নাম ‘আবাউলজি!’ ফিউশন কথাটা আমি পছন্দ করি না। শুনলেই কেমন যেন  ‘আগুন-আগুন’ মনে হয়। এই গানটিকে বাউলদের সঙ্গে আবাজির একাত্মতা বলতে পারেন। সেটাই বরং বেশি সঠিক শোনাবে।”

বাউল আর আবাজির মিলে-মিশে একাকার হয়ে যাওয়ার ওই গানের পর চললো আরও দুটি গান। রব ফকিরের কন্ঠে ‘সাধ্য কি আমার স্বরূপ চিনিতে’ আর বেবি দেওয়ানের কণ্ঠে ‘ভান্ডারী মিলেইছে মেলা মাইজভান্ডারে।’

সুরের সেই ঘোর কাটলো ‘অ্যান্ড ইটজ ফিনিশড’ বলে আবাজির অনুষ্ঠানটি সমাপ্ত করায়।

গানের ছলে যেন বিশ্বমানবতার গল্পই ফেরি করে বেড়ান আবাজি। তার সুরকে বাঁধা যাবে না দেশ কিংবা জাতির বেড়াজালে। বাংলার জল-হাওয়ার গল্পও যাযাবর এই মানুষটি বয়ে বেড়াবেন তার গানের সুরে।

ছবি কৃতজ্ঞতা: ফাইহাম ইবনে শরীফ।