ক্লুনির বেস্ট ম্যান পিট?
‘দ্য মনুমেন্টস ম্যান’, ‘ওশেন্স’ সিরিজখ্যাত অভিনেতা-নির্মাতা জর্জ ক্লুনি এ বছরের শেষে গাঁটছড়া বাঁধছেন তার লেবানিজ প্রেমিকা আমাল আলামুদ্দিনের সঙ্গে। ক্লুনির আত্মীয়রা বলছেন, বিয়েতে ৫৩ বছর বয়সী এ অভিনেতার বেস্ট ম্যান হচ্ছেন তার দীর্ঘ দিনের বন্ধু ও সহকর্মী ব্র্যাড পিট।
‘ওশেন্স’ সিরিজ, ‘বার্ন আফটার রিডিং’-এ একসঙ্গে অভিনয় করা জর্জ ক্লুনি এবং ব্র্যাড পিটের সখ্য অনেক দিনের। ক্লুনির এক আত্মীয়া স্টারলা বলেন, “আমার ধারণা, সে ব্র্যাড পিটকেই তার বেস্ট ম্যান মনোনীত করবে। তারা অনেক ভালো বন্ধু।”
স্টারলা আরও জানান, ক্লুনির বিয়ে সম্ভবত ইতালিতে হতে যাচ্ছে। তার বাবা-মা নিক ক্লুনি এবং নিনা ক্লুনি এরই মধ্যে ইউরোপ ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন, যা বিয়ের প্রস্তুতি সারার জন্য বলেই মনে করা হচ্ছে।
স্টারলা বলেন, “আমি শুনেছিলাম, তারা বিয়ের অনুষ্ঠানটি সিনসিনাটিতে করার কথা ভাবছিল, যেহেতু এটি কেন্টাকি থেকে খুব দূরে নয়। কিন্তু এটা সিনসিনাটিতে হচ্ছে না। নিক এবং নিনা সম্ভবত আগামী সপ্তাহে ইতালি যাওয়ার কথা ভাবছে, হয়ত বিয়ের প্রস্তুতির জন্যই।”
ছত্রিশ বছর বয়সী আমাল আলামুদ্দিন লন্ডনভিত্তিক আইনজীবী। উইকিলিকস প্রতিষ্ঠাকা জুলিয়ান আসাঞ্জের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
এর আগে শোনা গিয়েছিল, জর্জ ক্লুনির বেস্ট ম্যান হচ্ছেন তার আরেক বন্ধু অভিনেতা ম্যাট ডেমন।
