বিশ্বকাপ দেখায় রেকর্ড
ফুটবলের সবচেয়ে বড় আসরে একের পর এক সুপার পাওয়ারদের পরাজয়, কিংবা বড় বড় তারকাদের ব্যর্থতা-- কোনোটাই ভাটা পড়তে দেয়নি টিভি দর্শকদের বিশ্বকাপ দেখায়। বরং জনপ্রিয়তায় আগের আসরগুলোতে ছাপিয়ে যেতে বসেছে ব্রাজিলের আসর।
শুক্রবার ফিফা জানিয়েছে, জাপান বনাম আইভোরি কোস্টের ম্যাচটি দর্শক সংখ্যার দিক থেকে আগের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। কেবল জাপানেই এনএইচকে চ্যানেলে তিন কোটিরও বেশি দর্শক ম্যাচটি উপভোগ করেছে বলে জানা গেছে। যদিও ২-১ গোলে আইভোরি কোস্টের কাছে পরাজিত হয় দেশটি।
অন্যদিকে, ব্রাজিল আর ক্রোয়েশিয়ার মধ্যকার বিশ্বকাপের প্রথম ম্যাচ ব্রাজিলিয়ান চ্যানেল টিভি গ্লোবে উপভোগ করেছে তিন কোটিরও বেশি দর্শক। খেলাটিতে ব্রাজিল জিতেছিল ৩-১ গোলে।
যুক্তরাষ্ট্র বনাম ঘানার খেলাটি শুধুমাত্র আমেরিকাতেই ইএসপিএন চ্যানেলে দেখেছে প্রায় এক কোটিরও বেশি দর্শক, যা চ্যানেলটির জন্য নতুন রেকর্ড।
ফিফার টিভি ডিরেক্টর নিকলাস এরিকসন বলছেন, "সম্প্রচারের এই রেকর্ডই প্রমাণ করে সারাবিশ্ব ফুটবল বিশ্বকাপের জনপ্রিয়তা। জাপান থেকে আর্জেন্টিনা, সবখানেই এ জনপ্রিয়তা সমানভাবে পৌঁছে গেছে।"
তিনি আরও জানান, "অস্ট্রেলিয়া এবং আমেরিকায় বিশ্বকাপের জনপ্রিয়তা দেখে আমরা আনন্দিত।"
ইতালির কাছে ইংল্যান্ডের ২-১ গোলে হার বিবিসি-১ এ প্রায় দেড় কোটি দর্শক দেখেছে। অপরদিকে ইতালির রাই-১ চ্যানেলে এই ম্যাচ দেখেছে এক কোটিরও বেশি দর্শক। এটি দুটি দেশের জন্যই নতুন রেকর্ড।
পর্তুগালের ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার ম্যাচটি জার্মানির এআরডি চ্যানেলে উপভোগ করেছে আড়াই কোটিরও বেশি দর্শক।
