২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিতেও সেরা ম্যাককোনাহে

অস্কারজয়ী অভিনেতা ম্যাথিউ ম্যাককোনাহে আবারও জিতে নিলেন সেরা অভিনেতার পুরস্কারটি। কোনো মুভির জন্য নয়, এইচবিওর টিভি সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’ এ অভিনয় তাকে এনে দিল টেলিভিশন ক্রিটিক্স অ্যাওয়ার্ড-এর চতুর্থ আসরের সেরা অভিনেতার পুরস্কার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 03:58 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি জানান, “ধন্যবাদ আমাকে অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। টিভি সিরিজে অভিনয় করাটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিংই ছিল।”

জনপ্রিয় টিভি সিরিজ ‘শার্লক’-এর মার্টিন ফ্রিম্যান এবং বেনেডিক্ট কাম্বারব্যাচ, মাইকেল শিন, হিউ ড্যান্সি, ম্যাথ্যু রেইয়েস এবং ফ্রেডি হাইমোরকে হারিয়ে সেরার পুরস্কারটি জেতেন ৪৫ বছর বয়সী ম্যাককোনাহে।

অন্যদিকে এএমসির কাল্ট সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ তুলে নিয়েছে ড্রামা ক্যাটাগরির সেরা টিভি সিরিজের পুরস্কার। ব্রায়ান ক্র্যান্সটন এবং অ্যারন পল অভিনীত এই সিরিজটি তাদের পঞ্চম সিজনের মধ্য দিয়ে ২০১৩ সালে ইতি টানে।

মোট তিনটি পুরস্কারসহ সেরা মিনি সিরিজের খেতাব নিজেদের করে নিয়েছে এফএক্স এর এর মিনি সিরিজ ‘ফারগো’। জনপ্রিয় দুই পরিচালক ভাই জোয়েল এবং ইথান কোয়েন পরিচালিত ১৯৯৬ সালের সিনেমা ‘ফারগো’ এর উপর ভিত্তি করে মিনি সিরিজটির কাহিনি গড়ে উঠেছে। প্রিজন কমেডি ড্রামা ‘অরেঞ্জ ইস দ্য নিউ ব্ল্যাক’ সিরিজটিও জিতেছে সমসংখ্যক পুরস্কার।

‘ড্যান্সিং অন দ্য এইজ’, ‘দ্য হলো ক্রাউন অ্যান্ড লুথার’ এবং ‘আমেরিকান হরর স্টোরি’র মতো মিনি সিরিজগুলোকে হারিয়ে সেরার সম্মানটি পায় ডার্ক থ্রিলার সিরিজ ফারগো। সিরিজটিতে ‘লর্ন মালভো’ নামে এক সাইকো সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করার জন্য মিনি সিরিজ ক্যাটাগরির সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন অস্কারজয়ী অভিনেতা বিলি বব থর্নটন। এই পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বী ছিলেন সিরিজে তারই সহ-অভিনেতা মার্টিন ফ্রিম্যান। এছাড়াও সিরিজটিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার জেতেন এলিসন টোলম্যান। সেরা কমেডি সিরিজের পুরস্কারটি জিতেছে ‘অরেঞ্জ ইস দ্য নিউ ব্ল্যাক’। এছাড়াও এই সিরিজে অভিনয়ের মাধ্যমে কমেডি ক্যাটাগরিতে সেরা পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার জিতে নেন কেইট মুলগ্রেউ এবং সেরা অতিথি অভিনেতার পুরস্কার জেতেন উজো আদুবা।

‘হাউজ অফ কার্ডস’ এর রবিন রাইট এবং ‘দ্য গুড ওয়াইফ’ এর জুলিয়ানা মারগুলিস এর মতো বাঘা বাঘা অভিনেত্রীদের পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন ‘অরফ্যান ব্ল্যাক’ এর টাটিয়ানা মেসলানি।

সেরা রিয়েলিটি সিরিজ এর পুরস্কারটি জিতেছে ‘কসমস: অ্যা স্পেইসটাইম অডিসি’। 

টেলিভিশনে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এগারটি ক্যাটাগরিতে টেলিভিশন ক্রিটিক্স অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়।