২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সারাজীবন বাবা-মার সঙ্গেই থাকব’

শোনা যাচ্ছিল দক্ষিণ আফ্রিকায় ‘জাগ্গা জাসুস’ সিনেমার শুটিং শেষে মুম্বাই ফিরেই নিজের ফ্ল্যাটে উঠছেন রানবির কাপুর। ‘প্রেমিকা’ ক্যাটরিনা কাইফও ঐ বাড়িতেই বসবাস শুরু করবেন বলেও খবর বেরিয়েছিল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 02:53 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

এমনও শোনা গেছে মুম্বাইয়ের অভিজাত হিল রোডে ১০ তলা ভবনে তিন তলাবিশিষ্ট ফ্ল্যাটটি সাজাতে রানবির-ক্যাটরিনা জুটিকে সাহায্য করেছেন খোদ নিতু কাপুর।

কিন্তু সব গুজব উড়িয়ে দিলেন রানবির কাপুর নিজেই। ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, রিশি কাপুরপুত্র সাফ জানিয়ে দিয়েছেন বাবা-মার সঙ্গেই থাকবেন তিনি।

“আমি এখন যেখানে থাকছি সেটা আমার পারিবারিক বাড়ি, আমার বাবার বাড়ি। বাড়িতে কাজ শুরু হবে; যেহেতু আমরা এটাকে বড় করার কথা ভাবছি। আর যখন বাড়িতে কাজ চলবে তখন সেখানে থাকা তো সম্ভব নয়। আমি আমার বাবা-মার সঙ্গে থাকতে পেরে আনন্দিত। আমার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করে না। আর আমি আমার বাবা-মার সঙ্গে অনেক ঘণিষ্ঠ। কাজেই আমার আলাদা থাকার কোনো পরিকল্পনা নেই এবং আমার পুরো জীবন তাদের সঙ্গেই থাকতে চাই।”