২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'খোকাবাবু'র গান চুরি করেছে 'হামশাকালস'?

‘হামশাকালস’ সিনেমার বিরুদ্ধে টালিউডের সিনেমা ‘খোকাবাবু’র গান নকল করার অভিযোগ উঠেছিল আগেই। এ নিয়ে ছবিটির প্রযোজককে একটি চিঠিও দিয়েছিলেন ‘খোকাবাবু’র সংগীতপরিচালক ঋষি চন্দ। এবার ‘হামশাকালস’-এর নির্মাতা ও সংগীতপরিচালককে সরাসরি উকিল নোটিস পাঠাল ‘খোকাবাবু’র প্রযোজক প্রতিষ্ঠান এসকে মুভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মুনরবি অমিয়,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 03:36 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

‘খোকাবাবুর প্রযোজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে উকিল হিমাংশু ধানুকা কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে এই উকিল নোটিসটি পাঠিয়েছেন। অভিযোগ করা হয়েছে ‘হামশাকালস’-এর ‘কলার টিউন’ গানটির সুর ‘খোকাবাবু’র ‘সোনিয়ে তু জানিয়ে তু’ গানটির হুবহু নকল। আর এ ব্যাপারে ‘খোকাবাবু’র নির্মাতাদের কাছ থেকে কোনো প্রকার অনুমতি নেওয়া হয়নি। নোটিসে ‘হামশাকালস’ সিনেমা থেকে ‘কলার টিউন’ গানটি বাদ দিতে বলা হয়েছে।

উকিল নোটিসটি পাঠানো হয়েছে ভাসু ভাগনানি, ফক্স স্টার মুভিজ, হিমেশ রেশামিয়া এবং জি মিউজিককে। নোটিসে এও বলা হয় যে, ‘কলার টিউন’ গানটি বদলানো না হলে তারা গানটির বিরুদ্ধে স্থগিতাদেশ জারির ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

এর আগে ঋষি চন্দ গানটির ব্যাপারে আপত্তি জানিয়ে ভাসু ভাগনানিকে একটি চিঠি দেন। তখন 'হামশাকালস' সিনেমার সংগীত পরিচালক হিমেশ রেশামিয়া উল্টো ঋষি চন্দর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানিয়েছিলেন।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘খোকাবাবু’ সিনেমাটি তামিল মুভি ‘ধি’ (২০০৭)-এর বাংলা রিমেইক ছিল। সুপারহিট এই টালিউডি সিনেমায় অভিনয় করেছিলেন দেব, শুভশ্রী গাঙ্গুলি, ফেরদৌস প্রমুখ। আর সাজিদ খান পরিচালিত কমেডি সিনেমা ‘হামশাকালস’ সিনেমায় অভিনয় করেছেন সাইফ আলি খান, রিতেশ দেশমুখ, তামান্না ভাটিয়া, বিপাশা বাসু, এশা গুপ্তা, রাম কাপুর প্রমুখ।