২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ‘আতাউর রহমান নাট্যোৎসব’

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং আতাউর রহমান কর্ম উদযাপন পরিষদ। এ উপলক্ষে বুধবার থেকে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 05:37 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় ‘জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’ শীর্ষক নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আরও উপস্থিত ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ইনামুল হক, পশ্চিমবঙ্গের নাট্যব্যক্তিত্ব ঊষা গাঙ্গুলী, অভিনেত্রী লাকী ইনাম, ঝুনা চৌধুরী প্রমুখ।

আতাউর রহমান নির্দেশিত ‘মাইলপোস্ট’ নাটকের মাধ্যমে মঞ্চযাত্রা শুরু করেন আসাদুজ্জামান নূর। এরপর তার নির্দেশিত ‘ওয়েটিং ফর গডো’সহ আরও বেশকটি নাটকে অভিনয় করেছেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, “১৯৬৬ সালে প্রথম দেখা আতাউর রহমান সেই আগের মতোই আছেন। ‘তাসের দেশ’ নাটকের ‘রাজপূত্র’ আতাউর রহমান এখনও আমার দৃষ্টিতে নায়ক।”

অনুষ্ঠানের সভাপতি ইনামুল হক বলেন, “সততা ও বাস্তবতার এক অন্য উদাহরণ আতাউর। আতাউর ভীষণ স্পষ্টবাদী।”

আতাউর রহমান বলেন, “আমি জীবনের প্রতি মুহূর্ত এনজয় করতে চাই। জীবনের প্রতি মুহূর্তে আনন্দের উপলক্ষ হতে চাই।”

উদ্বোধনী অনুষ্ঠানে আতাউর রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মঞ্চসারথি আতাউর রহমান’-এর ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন আকতারুল ইসলাম জিন্নাহ্।

সাতদিনের এ উৎসবে আতাউর রহমান নির্দেশিত ছয়টি নাটক মঞ্চস্থ হবে। উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয়েছে নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘রক্তকরবী’।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালা মঞ্চে মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে জাতীয় নাট্যশালা রেপার্টরি থিয়েটারের ‘রুদ্র রবি ও জালিয়ানওয়ালাবাগ’।

শুক্রবার সন্ধ্যায় পালাকারের ‘বাংলার মাটি বাংলার জল’, শনিবার থিয়েটার স্কুল প্রাক্তনির ‘গডোর প্রতীক্ষায়’, রোববার নাগরিকের ‘অপেক্ষমাণ’, সোমবার পালাকারের ‘নারীগণ’ মঞ্চস্থ হবে।

এছাড়া শনিবার বিকাল সাড়ে চারটায় জাতীয় নাট্যশালার সেমিনার হলে ‘এক নির্মাতার অহংযাত্রা’ শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন আবদুস সেলিম।

মঙ্গলবার সন্ধ্যা সাতটায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে আতাউর রহমানের ‘অভিনয় কোলাজ’। অভিনয়ের বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোচনা করবেন আতাউর রহমান। এরপরই পর্দা নামবে উৎসবের।

উৎসব আয়োজক আতাউর রহমান কর্ম উদযাপন পরিষদের সদস্য আমিনুর রহমান মুকুল জানান, এ নিয়ে দ্বিতীয়বারের মতো আতাউর রহমান জন্মোৎসব উদযাপন করছে তারা।

২০১৩ সালে প্রথমবারের মতো আয়োজিত উৎসবে ‘আমার লেখা আতাউরের নাটক’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সৈয়দ শামসুল হক।

মুকুল জানান, বাংলা নাটকের অন্যতম পুরোধা আতাউর রহমানের নাট্যভাবনা পরবর্তী প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে উদযাপন পরিষদ আরও বেশকিছু উদ্যোগ নেবে।