মারাঠিতে ‘হেমলক সোসাইটি’
বাঙালি পরিচালক সৃজিত মুখার্জির সিনেমা ‘হেমলক সোসাইটি’ নির্মিত হতে যাচ্ছে মারাঠি ভাষায়। সিনেমায় কোয়েল মল্লিকের চরিত্রে অভিনয়ের জন্য ইতোমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে অভিনেত্রী উর্মিলা মাতন্ডকারকে।
‘আনান্দভান’ নামে এই সিনেমাটি পরিচালনা করবেন উমেশ ঘাগড়ে। এর আগে ‘ধুম’ এবং ‘ওয়ান্স আপ অন এ টাইম ইন মুম্বাই দোবারা’ সিনেমাতে সহকারী নির্মাতা হিসেবে কাজ করেছেন তিনি।
ঘাগড়ে বলেন, “২০১২ সালে মুম্বাইয়ে ‘হেমলক সোসাইটি’ মুক্তি পাবার পর আমি সিনেমাটি দেখি। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মারাঠিতে এর রিমেইক করব। এর মাধ্যমেই পুরোদস্তুর পরিচালক হিসেবে আমার অভিষেক হবে।”
তিনি আরও বলেন, “সম্প্রতি আমি সিনেমাটির প্রোডাকশন হাউজের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি চূড়ান্ত করেছি, সবকিছু ঠিকঠাক চলছে। যদিও আমি প্রায় ৬ বছর বলিউডে কাজ করেছি, কিন্তু আমি সবসময়ই চাইতাম প্রথম সিনেমা পরিচালনা করব আমার মাতৃভাষা মারাঠিতে।”
পরমব্রত চ্যাটার্জি এবং কোয়েল মল্লিক অভিনীত ‘হেমলক সোসাইটি’র কাহিনি গড়ে উঠেছে একটি ক্লাবকে নিয়ে, যারা মানুষকে সফলভাবে আত্মহত্যা করার পথ বাতলে দেয়।
সম্প্রতি পরমব্রত অভিনীত আরেকটি সিনেমা ‘ভূতের ভবিষ্যত’-এর রিমেইক হয়েছে হিন্দিতে। ‘গ্যাং অফ ঘোস্টস’ নামের সিনেমাটি অবশ্য বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি।
