২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ মাস ছুটি কাটালেন ইমরান

২০১৩ সালের ডিসেম্বরে স্ত্রীর গর্ভধারণের খবর নিশ্চিত হওয়ার পরপরই কাজ থেকে বিরতি নেন হিন্দি সিনেমার অভিনেতা ইমরান খান। ৯ জুন ভূমিষ্ঠ হয়েছে তার প্রথম সন্তান ইমারা। মেয়ের সঙ্গে আরও দুই মাস সময় কাটিয়ে ৩০ অগাস্ট কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 02:45 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া বলছে ৯ মাস পিতৃত্বকালীন ছুটি কাটানো শেষে ‘কাল হো না হো’-খ্যাত পরিচালক নিখিল আদভানির নতুন সিনেমাতে কাজ শুরু করবেন ইমরান। ‘কাট্টি বাট্টি’ নামের এই সিনেমাতে ইমরানের সঙ্গে দেখা যাবে দক্ষিণের সুন্দরী ইলিয়ানা ডি ক্রুজকে।

এক সূত্রের বরাত দিয়ে দৈনিকটি বলে, সিনেমাটির শুটিংয়ের আগের যাবতীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই শুরু হয়েছে। নিখিলের সঙ্গে আলাদা কর্মশালায় অংশ নিচ্ছেন ইমরান।

খবরটি নিশ্চিত করে নিখিল বলেন, “আমরা অগাস্টের শেষ সপ্তাহে কাজ শুরু করব। ‘কাট্টি বাট্টি’ রোমান্টিক কমেডি, যেখানে ইমরানকে দেখা যাবে একজন প্রকৌশলীর ভূমিকায়। শুটিং শুরু হবে ৩০ অগাস্ট থেকে।”

সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল ‘সালি কুত্তিয়া’। কিন্তু পরে বদলানো হয়েছে এর নাম।

এ বিষয়ে নিখিলের বক্তব্য, “আমার মনে হয় নতুন নামটি অনেক গ্রহণযোগ্য। আগের নামটি বেশ ঝুঁকিপূর্ণ ছিল।”

ইমরানের শেষ তিনটি সিনেমা-- ‘মাতরু কি বিজলি কা মান্ডোলা’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’ এবং ‘গোরি তেরে প্যায়ার মে’ বক্স অফিসে ভালো করতে পারেনি। তবে তা নিয়ে চিন্তিত নন নিখিল।

তিনি বলেন, “যখন আমি সিনেমার গল্প নিয়ে কাজ করেছি তখনই ইমরান ছাড়া আর কারও কথা আমি ভাবতে পারিনি।”

অবশ্য শুরুতে এই সিনেমায় কাজ করতে রাজি হননি ইমরান। শিডিউল না থাকায় প্রথমে নিখিলকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

নিখিল বলেন, “আমি ইমরানকে ছাড়া এই সিনেমার কাজ করব না বলেই ঠিক করেছিলাম। আর তাই শেষ পর্যন্ত তাকে রাজি করাতে পেরেছি।”