মুভি রিভিউ- এক্স-মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট
‘উইথ গ্রেট পাওযার, কামস গ্রেট রেসপন্সিবিলিটি’- কথাটি স্পাইডার-ম্যানের হলেও মার্ভেলের সব সুপারহিরো সিনেমার ক্ষেত্রেই বোধহয় এটি খাটে।
পাশাপাশি সিনেমাটা যখন হয় একঝাঁক তারকা সমৃদ্ধ, সাই-ফাই, অ্যাকশন আর পলিটিকাল থ্রিলারের মিশেল, তখন ‘এক্স-মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট’- এর কাছ থেকে রেসপন্সিবিলিটির সঙ্গে অসাধারণ আরো কিছু আশা করাটা দোষের না। টানটান উত্তেজনার ১৩১ মিনিট শেষে বলতেই হবে, অতিন্দ্রীয় ক্ষমতাধর মিউট্যান্টদের গল্প কথনে দক্ষতার সঙ্গেই সেই আশা পূরণ করেছেন নির্মাতারা।
মিউট্যান্টদের সঙ্গে দৈত্যাকার রোবটদের লড়াই; গল্পের পুরোটা জুড়েই ভবিষ্যৎ আর অতীতের আসা-যাওয়া; আর তার সঙ্গে গ্ল্যামারাস সব তারকার উপস্থিতি- সবমিলিয়ে সামার ব্লকবাস্টার হওয়ার সবগুলো উপকরণই আছে ‘এক্স-মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট’-এ। এর সঙ্গে যোগ হয়েছে সত্যিকারের দুনিয়ার রাজনৈতিক অস্থিরতা আর যুদ্ধের ভয়বহতাকে তুলে আনার প্রয়াস। ফ্যান্টাসি ঘরানার হলেও ‘এক্স-মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট’ তাই অনেক বেশিই বাস্তবতাকেন্দ্রিক।
অন্য ইতিহাসের শুরু
সুপারহিরো মুভিগুলোর ক্ষেত্রে বেশিরভাগ সময়েই কোন গল্প না থাকার যে অভিযোগ পাওয়া যায়- সেই সমস্যা থেকেও মুক্ত সিনেমাটি। ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’ যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকে না হয়ে একটু ভিন্ন সময়ের পেক্ষাপটেই শুরু হয় এর গল্প। সেখান থেকেই আস্তে আস্তে এমন সব ঘটনার দিকে এগোতে থাকে এর কাহিনী- যেখানে মিউট্যান্টদের পুরো ইতিহাসই বদলে যায় এক পলকেই। সেদিক থেকে বলতে গেলে, এই সিনেমার মাধ্যমে আসলে ‘পুণর্জন্ম’ই হলো এক্স-মেনদের। আর এই পুণর্জন্মের গল্প এতটাই চিত্তাকর্ষকে যে, এটিকে অনেকেই সিরিজের সেরা সিনেমা বলতে পারেন।
দুষ্ট রাজনীতির খপ্পরে পরে মানুষের হাতে যখন উঠে আসে ভয়ঙ্কর বিধ্বংসী সব মারণাস্ত্র- তখন এর ফলাফল কখনোই ভাল হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক অস্ত্রের ধ্বংসলীলায় সেসম্পর্কে কিছুটা হলেও ধারণা হয়েছে মানবজাতির। এই সিনেমাতেও যুদ্ধ, অস্ত্র আর ক্ষমতার অপব্যাবহারের বিষয়টি যেন সেন্টিনেলদের ধ্বংসযজ্ঞেই উঠে এসেছে রূপকার্থে।
অস্তিত্বের লড়াইয়ে সময় পরিভ্রমণ
প্রশ্নের উত্তর পেতে শেষদৃশ্য পর্যন্ত বসে থাকাটা মোটেও কষ্টকর মনে হবে না। কারণটা অবশ্যই টানটান গাঁথুনির গল্প। সেইসঙ্গে যুক্ত হয়েছে কলাকুশলীদের দুর্দান্ত অভিনয়। এক্স-মেন সিরিজে নিজের চরিত্র উলভারিনকে নিয়ে আলাদা দুটি সিনেমায় এতদিন ব্যাস্ত ছিলেন হিউ জ্যাকম্যান। এই সিনেমার মাধ্যমে আবারো মূল দলে ফিরে এলেন তিনি। আর সেই ফেরাটাও কী রাজসিকভাবেই না হলো! শুরু থেকে শেষপর্যন্ত- ‘এক্স-মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট’-এর মূল নায়ক আসলে উলভারিনই।
সিরিজের সুপার ভিলেইন ম্যাগনিটোর চরিত্রটিকেও এবার দেখানো হয়েছে অনেকটাই ইতিবাচক হিসেবে। এই সিনেমায় ম্যাগনিটো আর প্রফেসর এক্স পরস্পরের প্রতিপক্ষ নন; বরং অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে এক অন্যের সহযোদ্ধা। সিনেমার শুরুতেই দেখা যায়, পেন্টাগনের দুর্ভেদ্য কারাগারে বন্দী ম্যাগনিটো। মিস্টিককে খুঁজতে প্রফেসর এক্সকে সাহায্য করতে পারবে একমাত্র ম্যাগনিটোই। আর তাই পিয়েত্রো ম্যাক্সিমফ ওরফে কুইকসিলভারের (ইভান পিটার্স) সাহায্য নিয়ে বিস্ট (নিকোলাস হল্ট), উলভারিন আর প্রফেসর এক্স নেমে পড়ে তাকে উদ্ধারের অভিযানে।
মার্কিন রাজনীতির কড়চা
সিনেমায় মার্কিন প্রেসিডেন্টদের কড়চা শেষ নয় এখানেই। পরবর্তীতে দৃশ্যপটে আসেন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন (মার্ক কামাচো)। ভিয়েতনাম যুদ্ধে হেরে যাওয়া আমেরিকার পেক্ষাপটে নিক্সনকে অনেকটা অসহায় অবস্থাতেই দেখানো হয়েছে সিনেমাটিতে।
মার্ভেলের সুপারহিরো মুভিগুলিতে অবশ্য বরাবরই পড়েছে মার্কিন রাজনীতির ছায়া। ক্যাপ্টেন আমেরিকা থেকে শুরু করে আয়রনম্যান- সব সুপারহিরোই কোন না কোন সময় আমেরিকাকে বাঁচিয়েছেন আক্রমণকারীদের হাত থেকে। সেদিক থেকে, এক্স-মেন সিরিজ অবশ্য হেঁটেছে ভিন্ন পথেই। এই সিরিজে বরাবরই মার্কিন প্রশাসনকে দেখানো হয়েছে মিউট্যান্টদের প্রতিপক্ষ হিসেবে। বোদ্ধাদের মতে, বর্ণবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে হালের সমকামীদের অধিকার আদায়ের আন্দোলন- এসবই মিউট্যান্টদের যুদ্ধের মাধ্যমে রূপক আকারে উঠে এসেছে এই সিরিজে।
এই ক্ষেত্রেও ‘এক্স-মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট’ অন্য সব সিনেমা থেকে আলাদা। ভবিষ্যতকে টিকিয়ে রাখার স্বার্থে এই সিনেমায় মিউট্যান্টরা শেষ পর্যন্ত আবির্ভূত হয় প্রেসিডেন্টের রক্ষাকর্তা হিসেবেই। ওদিকে অর্ধশতাব্দী পরের পৃথিবীতে পুরো মানব জাতিকে বাঁচাতেই লড়াইয়ে নামে তারা।
মেধাবী ভিলেন
সুপারহিরো মুভিগুলোতে সাধারণত ভিলেইনরাও থাকেন অতিমানবীয় শক্তির অধিকারী। সেখানে শারিরীক শক্তি-বর্জিত এক ‘বামন’, যে কিনা নিজের মেধা আর পরিশ্রমের ফসলেই উঠে আসে শীর্ষে- এমন এক চরিত্রকে খলনায়কের ভূমিকায় দাঁড় করিয়ে বেশ সাহসিকতার পরিচয়ই দিয়েছেন নির্মাতারা। এখানেই অভিনেতা হিসেবে পিটার ডিঙ্কলেজের স্বার্থকতা। ‘গেইম অফ থ্রোনস’ খ্যাত এই তারকার অভিনয়ই সফলভাবে তুলে আনতে সক্ষম হয়েছে চরিত্রটিকে।
শেষকথা
সবমিলিয়ে তাই, এক্স-মেন সিরিজের অন্য সব সিনেমা থেকে একেবারেই আলাদা এই পর্ব। ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’-এর মতোই এবারের সিনমোতেও ছিল দারুণ সব ক্যামেরার কাজ। সত্তরের দশকের আমেরিকাকে তুলে ধরার পরীক্ষাতেও ভালোভাবেই উৎরে গেছে সিনেমাটি।
যেকোন সিনেমার সব ভালো হলেও সম্পাদনা ঠিকমতো না হলে শেষপর্যন্ত মাঠেই মারা যায় সবকিছু। এদিক থেকে ‘এক্স-মেন: ডেইজ অফ ফিউচার পাস্ট’-এর কাজটা ছিল আরও কঠিন। এতসব ভিন্ন-ভিন্ন ঘটনা আর দুটি কালকে সমান্তরালভাবে এতো কম সময়ে ধরে রাখাটা সহজ ছিল না মোটেই। এক্ষেত্রে রীতিমতো অসাধ্য সাধনই করেছেন জন অটোমান এবং মাইকেল লুইস হিল। ব্রায়ান সিঙ্গারের দীর্ঘদিনের এই সহকর্মী করেছেন সংগীত পরিচালনাও করেছেন সিনেমাটিতে।
মাঝখানে ব্রেট র্যাটনারের ২০০৬ সালের ‘এক্স-মেন: লাস্ট স্ট্যান্ড’-এর পর জনপ্রিয়তার দিক থেকে খাদেই নেমে গিয়েছিল সিরিজটি। সেখান থেকে ২০১১ সালের ‘এক্স-মেন: ফার্স্ট ক্লাস’ দিয়ে একা হাতেই ‘এক্স-মেন’-এর জনপ্রিয়তা উদ্ধার করেন সিঙ্গার। ‘ডার্ক নাইট ট্রিলজি’ দিয়ে ক্রিস্টোফার নোলান যেভাবে ফিরিয়ে এনেছিলেন ব্যাটম্যান সিরিজের আবেদন- অনেকটা সেভাবেই সিঙ্গারের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে এক্স-মেনরা। চলতি বছরের সামার ব্লকবাস্টার তো বটেই, আইএমডিবি, রটেন টমেটোজ, মেটাক্রিটিক- সিনেমা নিয়ে কাজ করা সবগুলো সাইটেই সমালোচকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে সিনেমাটি।
আর তাই, এক্স-মেন ভক্ত হলে সিনেমাটি দেখতে ভুলবেন না কোনভাবেই। সিরিজটির ভক্ত না হলেও সমস্যা নেই; অ্যাকশন আর সাই-ফাইয়ের মিশেলে এই থ্রিলার দেখতে গেলে সময়টা খারাপ কাটবে না—লিখে রাখতে পারেন।
