সিনেমা হচ্ছে ‘শঙ্খধ্বনি’
বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী চিত্রনাট্য ‘শঙ্খধ্বনি’ থেকে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন ‘শুনতে কি পাও’ খ্যাত নির্মাতা কামার আহমেদ সাইমন।
‘বাংলাদেশকে চেনাতে হয়নি’
কানে বাংলাদেশ
শনিবার ঢাকায় ফরাসি রাষ্ট্রদূতের বাসভবনে ‘মিট দ্য প্রেস: আফটার কান’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে কামার এ কথা জানান।
কামার বলেন, “আমার একান্ত ব্যক্তিগত গল্প ‘শঙ্খধ্বনি’। ছেলেবেলায় হারিয়ে ফেলা এক বন্ধুর গল্প এটি। খুব যত্ন নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করব আমি।”
এর আগে সায়মন সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা বিনিময় করেন।
মে মাসে অনুষ্ঠিত ৬৭তম কান চলচ্চিত্র উৎসবে উদীয়মান নির্মাতাদের জন্য বিশেষ আয়োজন ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মন্দ-২০১৪’তে আমন্ত্রিত ১০টি চিত্রনাট্যের অন্যতম ছিল ‘শঙ্খধ্বনি’। ফরাসি ইনস্টিটিউট কান উৎসবের অন্যতম আকর্ষণ বিশ্ব চলচ্চিত্র বাজার ‘মার্স দ্যু ফিল্মে’র সঙ্গে অংশীদারিত্ব এবং বিশ্বব্যাপী ফরাসি দূতাবাসের সহযোগিতায় এ কার্য্যক্রম পরিচালনা করছে।
কামার বলেন, “আগের বিভিন্ন উৎসবে আয়োজক কর্তৃপক্ষ বাংলাদেশের প্রযোজকদের নিয়ে প্রশ্ন তুলতেন। তারা বলতেন, ‘তোমাদের চিত্রনাট্য বেশ ভালো। এসব চিত্রনাট্য নিয়ে ভালো সিনেমা নির্মিত হওয়া উচিত।’ তারা উৎসবে আমাদের সঙ্গে সিনেমার প্রযোজকদের খুঁজতেন। এখন সে দৃশ্য পাল্টেছে। বাংলা সিনেমার অর্থায়নে এগিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এবার কান উৎসবের আয়োজকরা খবরটি শুনে বেশ খুশি হয়েছেন।”
‘শঙ্খধ্বনি’র প্রযোজক সারা আফরীন বলেন, “আমরা বিভিন্ন দেশের সহ-প্রযোজকদের কাছে আমাদের সিনেমার গল্প এবং নির্মাণ ভাবনা তুলে ধরেছি। সবকিছু পরিকল্পনামাফিক চললে খুব শিগগিরই তারা আমাদের সঙ্গে যৌথ প্রযোজনায় কাজ শুরু করবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘শঙ্খধ্বনি’র সহ-প্রযোজনা প্রতিষ্ঠান ধ্বনিচিত্রের ব্যবস্থাপনা পরিচালক সারা যাকের। তিনি বলেন, “তরুণ নির্মাতারা বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করছেন। তাদের জন্যই আমরা নতুন করে স্বপ্ন বুনছি। তরুণ নির্মাতাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।”
ফরাসি রাষ্ট্রদূত মিশেল ক্রিনকুইয়া বলেন, “বাংলাদেশের উদীয়মান নির্মাতারা বাংলা সিনেমাতে নতুনত্ব নিয়ে আসছে। বাংলা সিনেমা নিয়ে বিশ্ব আসরে প্রতিযোগিতা করছে। ব্যাপারটি সত্যিই দারুণ! তাদের অভিনন্দন জানাই।”
এর আগে সুইডেনের গোটেবর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্যের জন্য প্রতিযোগিতামূলক অনুদান পুরস্কার অর্জন করে ‘শঙ্খধ্বনি’। ইউরোপের ৩টি দেশে নয়মাসব্যাপী অনুষ্ঠিত ‘ইউরোপীয় প্রযোজক কর্মশালা -২০১২’ তে আমন্ত্রিত ২৪টি চিত্রনাট্যের মধ্যে একমাত্র নন-ইউরোপীয় চিত্রনাট্য ছিল এটি। এ ছাড়া ‘ইউরোপীয় পোস্ট-প্রডাকশন কানেকশন ২০১৩’ এবং ফ্রান্সের নন্তে অনুষ্ঠিত ‘ত্রি-মহাদেশীয় চলচ্চিত্র উৎসব ২০১৩’- এর কো-প্রডাকশন কর্মশালা ‘প্রদিউর অ সুদ’ এও আমন্ত্রিত ‘শঙ্খধ্বনি’।
‘শুনতে কি পাও!’ সিনেমার জন্য এর আগে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপের অন্যতম প্রামাণ্য উৎসব ‘সিনেমা দ্যু রিল’- এ শ্রেষ্ঠ সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁপি’ এবং মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণশঙ্খ’ জয় করেছিলেন নির্মাতা কামার আহমেদ সাইমন।
‘মিট দ্য প্রেস: আফটার কান’ - এ আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ, আলী যাকের, পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ও গোলাম রাব্বানী বিপ্লব।
