২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ক্যাসি ক্যাসেম

আমেরিকার প্রখ্যাত রেডিও তারকা এবং ‘আমেরিকান টপ ৪০’ এর উপস্থাপক হিসেবে পরিচিত ক্যাসি কাসেম মারা গেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 06:43 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

১৯৫০ সালে ক্যারিয়ার শুরু করার পর বিভিন্ন টপ চার্ট শো উপস্থাপনার মাধ্যমে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠেন কাসেম। ১৯৭০ সালে প্রচারিত হয় তার রেডিও অনুষ্ঠান ‘আমেরিকান টপ ৪০’ , যা তাকে খ্যাতি এনে দেয় বিশ্বজোড়া। এ ছাড়াও জনপ্রিয় কার্টুন সিরিজ ‘স্কুবি ডু’ এর  ‘শ্যাগি’ চরিত্রটির কণ্ঠদান করার জন্য জনপ্রিয়তা লাভ করেন তিনি।

বিবিসি জানায়, ১৫ জুন ক্যাসেমের মৃত্যুসংবাদ নিশ্চিত করেন তার মেয়ে কেরি ক্যাসেম। অনেকদিন ধরেই বিভিন্ন শারীরিক অসুস্থতা এবং স্মৃতিভ্রমে ভুগছিলেন এই রেডিও তারকা। তার দেখভাল করার দায়িত্ব নিয়েও তার পরিবারের সদস্যদের মাঝে হয়েছে আইনি লড়াই। শেষের দিকে এসে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, একজন আইনজীবির সম্মতিতে তার মেয়ে কেরি তার দৈনিক খাবার এবং ওষুধ পথ্য দেয়া বন্ধ করে দেন। যদিও এ ব্যাপারে ক্যাসেমের স্ত্রী জিন সম্মত ছিলেন না।

গত মাসে ক্যালিফোর্নিয়ার একটি নার্সিং হোম থেকে সরিয়ে ওয়াশিংটনে এক বন্ধুর বাসায় কাসেম কে নিয়ে আসেন তার স্ত্রী জিন। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার আদালত কাসেমের দেখভালের দায়িত্ব অর্পন করে তার মেয়ে কেরির হাতে।

টুইটারে দেয়া এক বার্তায় কেরি জানান, “আজ সকালে আমাদের পরিবারবর্গ এবং বন্ধুমহলের উপস্থিতিতে আমার বাবা ক্যাসি ক্যাসেম মৃত্যুবরণ করেছেন। যদিও এতদিন কষ্টের পর তিনি হয়তো বেশ শান্তিতেই আছেন, তার পরও তার মৃত্যুতে আমরা ব্যথিত। যারা শেষ দিন পর্যন্ত তার পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছেন, ভালোবেসেছেন- তাদের সকলের প্রতি আমার ধন্যবাদ। পৃথিবী ক্যাসি কাসেমের মতো একজন প্রতিভাবান এবং অসাধারণ একজন মানুষের অনুপস্থিতি অনুভব করবে। তোমার জন্য অনেক ভালোবাসা, বাবা”।

অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করার কারণে ১৯৮৮ সাল থেকে রেডিও থেকে বিরতি নিয়েছিলেন তিনি। একদশক পর তিনি ‘আমেরিকান টপ ৪০’ এর উপস্থাপনায় প্রত্যাবর্তন করেন । ২০০৯ সালে অবসর নেন তিনি। তার এই রেডিও অনুষ্ঠানটি পৃথিবীর প্রায় ৫০ টি দেশের রেডিওতে প্রচারিত হয়েছে।

জনপ্রিয় কার্টুন সিরিজ ‘স্কুবি ডু’- এর ভবঘুরে, পেটুক কিন্তু কিছুটা ভীত ‘শ্যাগি’ চরিত্রে তিনি প্রথম কণ্ঠ দেন ১৯৬৯ সালে। ১৯৯৫ সাল পর্যন্ত এই চরিত্রে কণ্ঠ দেয়ার পর তিনি কিছুদিনের বিরতি নেন। ২০০২ থেকে ২০০৯ পর্যন্ত আবার তিনি এই দায়িত্ব পালন করেন। বিভিন্ন টিভি অনুষ্ঠান, বিজ্ঞাপনেও তার উপস্থিতি লক্ষণীয় ছিল বিগত বছরগুলোতে।

রেডিও’র খ্যাতিমান এই উপস্থাপক ১৯৮১ সালে হলিউডের ওয়াক অফ ফেইমে একটি তারকা অর্জন করেন। এছাড়াও ১৯৯২ সালে ‘ন্যাশনাল হল অফ ফেইম’ এ অন্তর্ভুক্ত হন তিনি।