২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ডাকাত সালমান!

‘দাবাং’ সিরিজের পুলিশ অফিসারের ভূমিকা থেকে সোজা ব্যংক ডাকাত! ১৫ জুন অনলাইনে প্রকাশিত নতুন সিনেমা ‘কিক’-এর প্রথম ট্রেইলারে এমন ভূমিকাতেই দেখা গেল বলিউডি অভিনেতা সালমান খানকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 05:20 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

চলন্ত ট্রেনের সামনে বাইক নিয়ে বেরিয়ে যাওয়া, সুউচ্চ দালানের ছাদের উপর দিয়ে সাইকেল চালানো-- সালমানের সিনেমা মানেই জমজমাট সব অ্যাকশন দৃশ্য।

এবারের সিনেমাও যে তার ব্যতিক্রম হচ্ছে না, তার আভাস পাওয়া গেছে দুই মিনিট ৩৩ সেকেন্ডের ওই ট্রেইলারেই। দর্শকদের জন্য চমক হিসেবে ছিল সালমানের ‘নতুন লুক’। সুপারহিরোদের মতো মুখোশ, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি আর সাইকেলে চড়ে অ্যাকশন স্টান্ট- সিনেমায় এবার এভাবেই দেখা যাবে ‘ডেভিলরূপী’ সালমানকে।

সিনেমাটিতে সালমানের প্রেমিকার চরিত্রে অভিনয় করা জ্যাকলিন ফারনান্ডেজের নাচও আছে ট্রেইলারে। ওদিকে সালমানের খোঁজে থাকা পুলিশ অফিসার চরিত্রে  রানদিপ হুড়াকেও দেখা গেছে ট্রেইলারের শুরুতে। সিনেমার মূল খলচরিত্রে অভিনয় করেছেন নাওয়াজউদ্দিন সিদ্দিকী। শেষ অংশে দেখা গেছে তাকেও।

ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে সালমান খানের এই নতুন সিনেমার। উৎসবের মৌসুমে বরাবরই সরগরম হয়ে ওঠে বলিউডের বক্স অফিস। বিশ্লেষকদের ধারণা, ঈদের বাজারে এবার রেকর্ডভাঙা ব্যবসা করবে সিনেমাটি।

এই সিনেমায় একটি আইটেম গানে সালমানের সঙ্গে নাচার কথা ছিল তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের, কিন্তু শেষমেশ তা আর হয়ে ওঠেনি। ঐ গানে সালমানের সঙ্গে কে পা মেলাবেন, দর্শকদের জন্য সেটা চমক হিসেবেই রেখে দিয়েছেন নির্মাতারা।