একজন খান আতা
বাবা দিবস উপলক্ষে বাবা খান আতাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন আগুন।
চোঁখে কাজল, কপালের ডান পাশে কালো টিপ, বুড়ো আঙ্গুল মুখে ঢুকিয়ে চুষছে দশ মাসের ছোট্ট এক শিশু। ভীত-সন্ত্রস্ত চেচামেচি আর হাঁসির মিশেলে অদ্ভূত গোলমাল। কারণ ছেলেটি ঝুলছিল উল্টো হয়ে, তাও আবার সংসদ ভবনের চারতলার রেলিংয়ের বাইরে। সেই ছেলেটি আমি। দৃঢ়চিত্তে, শক্ত হাতে একটি পা ধরে ছিলেন খান আতা। হঠাৎ কখন পিছলে পড়ে যায় এই ভেবে নীলুফার ইয়াসমীনের হৃদকম্পন।
কাজটি সঠিক ছিল না তবুও খান আতার এসব পাগলামি মাঝেমধ্যেই নীলুফার ইয়াসমীনকে সহ্য করতে হতো। অপরদিকে মা ছিলেন বাবার আইডল। কোনো কারণে কনফিউজড হলেই বাবার প্রশ্ন-- ‘নীলা কী করবো?’
এবার আমার ব্যক্তিগত জীবনে আসি, কোনো এক ভূল বুঝাবুঝির কারণে (কারণটি না হয় নাই বা বললাম) দুজনের তর্ক-বিতর্ক থেকে তুমুল ঝগড়া, অতঃপর বাবার পিস্তল থেকেবিকট শব্দে গুলি, অঝর ধারায় রক্ত ঝড়ছে আমার শরীর থেকে। দুটি গুলি ভেদ করেছে আমার দেহ।
জ্ঞান ফেরার পর আমি নিজেকে আবিষ্কার করলাম হলি ফ্যামিলি হাসপাতালের কেবিনে। আশেপাশে বহুলোকের মাঝে জিজ্ঞেস করলাম- ‘আব্বা কাই?’ আবার জ্ঞান হারালাম। সাতদিন হাসপাতালে ছিলাম।
প্রতিদিন খবর পেতাম, বাবা নিচ থেকে এসে খবর নিয়ে গেছে। লজ্জায় সামনে আসেনি। আমার সেই প্রিয় বন্ধুটির উপর আদেশ আরোপিত হলো— “আব্বাকে দেখা মাত্র ধরে নিয়ে আসবি।”
ভোরবেলা ঘুম ভেঙ্গে দেখি, নিস্তব্ধ-নিশ্চুপ বাবা সামনে দাড়িয়ে। বাবার চোখে পানি-“আমাকে মাফ করে দে।” অন্যায় স্বীকার করে নিতেও বাবা কোনোদিন পিছপা হননি। দুজনের চোখের বৃষ্টি ধারার কথা আমি কোনোদিনই ভূলবনা।
সবশেষে বলবো এটিই আমার বাবা, এটিই খান আতা- একজন অস্বাভাবিক ভালো বাবা।
তোমাকে
ভালবাসি
ভালবাসি
ভালবাসি
আগুন
