২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবচেয়ে বাজে উদ্বোধনী অনুষ্ঠান’

পর্দা উঠেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর। বিশ্বজুড়েই যেকোন আড্ডার মূল বিষয় এখন বিশ্বকাপ ফুটবল। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্কের মুখে পড়েছে আয়োজক দেশ ব্রাজিল এবং ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পিটবুল, জেনিফার লোপেজ এবং ক্লদিয়া লেইত্তের ‘ওলে ওলা’ গানের পরিবেশনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে৤ 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 12:16 AM

Updated : 22 Aug 2022, 06:30 PM

থিম সংটি প্রকাশের পরপরই এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন অনেকে। এরপর উদ্বোধনী অনুষ্ঠানেও হতাশাজনক পারফরম্যান্সে খেপেছেন ভক্তরা। সেই সঙ্গে ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নাচও ছিল অনুষ্ঠানে অনুপস্থিত।

উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবার সঙ্গে সঙ্গেই শুরু হয় টুইটের ঝড়। ‘টুইট’ বাণে ক্রমাগত বিদ্ধ হন এই তিন তারকা। এবারের অনুষ্ঠানকে ‘সবচেয়ে বাজে’ বলেই অভিহিত করেছেন অনেকে।  

একজন টুইট করেন, “ওহ, সম্ভবত আমি এর চেয়ে বাজে আর জঘন্য পারফরম্যান্স কখনোও দেখি নি।”

সাম্বা নাচ না থাকায় ক্ষুব্ধ একজন লেখেন, “আচ্ছা, তাহলে এখানেই কি শেষ? এত অল্প সময়েই উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি?? নেই কোন সাম্বা, নেই উৎসবের আমেজ? কোথা থেকে আমি আমার টাকাটা ফেরত পেতে পারি?”

অনুষ্ঠান চলাকালীনও সাও পাওলো স্টেডিয়ামের বাইরে চলছিল ব্রাজিলে বিশ্বকাপবিরোধী জনতার প্রতিবাদ সমাবেশ। এ নিয়ে একজন লেখেন, “অনুষ্ঠানের তারকাদের চেয়ে বোধহয় স্টেডিয়ামের বাইরের প্রতিবাদকারীরা অনেক বেশি বিনোদনের খোরাক যোগাতো”।

শাকিরার পারফরম্যান্স এর সাথে এবারের তিন তারকার পারফরম্যান্সের তুলনা করে একজন টুইট করেন, “শাকিরার গান জেলো-পিটবুলের পারফরম্যান্সকে গুড়িয়ে দেওয়ার ক্ষমত্তা রাখে। প্রচণ্ড বিরক্ত আমি।”

বিশ্বকাপ নিয়ে ফিফা থেকে দায়িত্ব না পেলেও নিজ উদ্যোগেই গান বেঁধেছেন শাকিরা। শাকিরার সেই গান ‘লা লা লা’কে ‘ওলে ওলা’র থেকে এগিয়েই রেখেছেন ভক্তরা।

একজন টুইট করেন, “উদ্বোধনী অনুষ্ঠানের সময়েও শাকিরার ‘লা লা লা’ ছিল ইউটিউবের সবচেয়ে বেশি দেখা মিউজিক ভিডিও। পিটবুল, জেলো শাকিরাকে দেখে কিছু শেখো।”

শাকিরাকে পরের বিশ্বকাপে আবার ফিরিয়ে আনার জন্য টুইট করেন অনেকেই। তাদের একজন টুইটারে লেখেন, “গানটি শুনে বিরক্তি শেষ হচ্ছে না। মঞ্চে তো শাকিরার থাকার কথা ছিল। জেলোর গান কোনমতেই শাকিরার ধারে কাছে যায় না।”

অনুষ্ঠানের বাজে সাউন্ড সিস্টেম নিয়েও কথা বলেছেন অনেকে। এদের মধ্যে একজনের টুইট, “যদিও অনুষ্ঠানের সাউন্ড কোয়ালিটি অনেকটাই বাজে, তারপরেও এটার জন্যেই পিটবুলের দুর্বোধ্য বিরক্তিকর গানের কথাগুলো শুনতে হয় নি আমাকে!”

এ বছরের বিশ্বকাপ থিম সং হিসেবে নির্বাচিত হয় কিউবান-আমেরিকান র‍্য্যাপার পিটবুল, মার্কিন পপতারকা জেনিফার লোপেজ এবং ব্রাজিলিয়ান শিল্পী ক্লদিয়া লেইত্তের গান। মে মাসের ১৬ তারিখ গানটির ভিডিও প্রথম প্রকাশ করা হয়।