জুয়েলের ‘কী উপায়’
প্রথম অ্যালবাম প্রকাশের প্রায় চার বছর পর বাজারে আসছে জুয়েল মোরশেদের দ্বিতীয় অ্যালবাম ‘কী উপায়’। অ্যালবামে থাকছে কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কথা ও সুরে গান ‘ভালো আছি ভালো থেকো’।
জুয়েল গ্লিটজকে বলেন, “গানটি দুই বাংলাতেই প্রচুর গাওয়া হয়। এর কথা ও সুরের কারণে চিরাচরিত একটা আমেজ পাওয়া যায়।”
“আমি মূলত শংকর সাঁওজালের কারণেই এই গানটির প্রতি আকৃষ্ট হই। তিনিই প্রথম গানটিকে নাটকে ব্যবহার করেন।”
গানটিতে পিয়ানোর ব্যবহার করা হয়েছে।
অ্যালবামে থাকছে রক, পপ, রক-পপ মিশ্রিত আরও আটটি গান। এর মধ্যে চারটি গান দ্বৈতকণ্ঠের। কণ্ঠ দিয়েছেন পড়শি, সোমচন্দা, সোমলতা ও কণা। কণা ও সোমলতার সঙ্গে গাওয়া গান দুটির মিউজিক ভিডিও এরই মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে।
অ্যালবামের গানগুলো লিখেছেন মিলন বিশ্বাস, সুহৃদ সুফিয়ান, কাঠুরিয়া, মুন, রিশাত কাফা এবং শিল্পী স্বয়ং।
তার দ্বিতীয় অ্যালবামটি চলতি মাসেই সিডি চয়েসের ব্যানারে বাজারে আসবে। এছাড়া ১৯ জুন চ্যানেল নাইনের অনুষ্ঠানের মাধ্যমে খুলে যাবে অনলাইনে প্রাপ্তির দরজা।
অ্যালবামটি আগামী দুর্গাপূজায় ওপার বাংলায় প্রকাশ করারও পরিকল্পনা আছে শিল্পীর।
