২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমাই ছিল মূল লক্ষ্য-মম

বড় পর্দাতেই ঘটেছিল তার মিডিয়া অভিষেক। তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান লাক্স-চ্যানেল আই সুপারস্টার জাকিয়া বারী মম। এরপর ছোট পর্দার চেনা মুখ হয়ে উঠলেও, সিনেমায় আর দেখা যায়নি মমকে। পাঁচ বছর পর আবারও ফিরছেন শুরুর জায়গায়। অভিনয় করছে দুটি বাণিজ্যিক সিনেমায়। গ্লিটজের সঙ্গে এক আলাপচারিতায় মম জানালেন, প্রথম সিনেমা সফল হলে থিতু হবেন রূপালি পর্দায়।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 12:24 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

গ্লিটজ : প্রথম সিনেমার পর অনেক প্রস্তাব পেলেও অভিনয় করেননি। এখন কেন ফিরে এসেছেন?

মম : ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয়ের পর আমার মনে হয়েছিল সিনেমাতে অভিনয় করতে হলে আমাকে আরও বেশি প্রস্তুত হতে হবে। অনেক সিনেমার অফার পেয়েছি। বেশ ভালো কিছু চিত্রনাট্যও পেয়েছিলাম। কিন্তু হুট করে সিদ্ধান্ত নিইনি। এখন মনে হচ্ছে, যথেষ্ট সময় নিয়েছি। নিজেকেও প্রস্তুত করেছি। সিনেমাই ছিল আমার মূল লক্ষ্য। নিজেকে নায়িকা হিসেবে প্রমাণ করতে চেয়েছি। সিনেমাতে নিজেকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাইনি। সেক্ষেত্রে নাটককেই বেছে নিয়েছিলাম।

গ্লিটজ: তাহলে ‘দারুচিনি দ্বীপে’র জন্য প্রস্তুত ছিলেন না বলছেন?

মম: না, তা নয়। সিনেমাটি হুমায়ূন আহমেদের চিত্রনাট্য অবলম্বনে তৌকির আহমেদ নির্মাণ করেছিলেন। তৌকির ভাই ‘জরী’ চরিত্রের জন্য আমাকেই ভেবে রেখেছিলেন। তার মতো নির্মাতার অফার ফিরিয়ে দেওয়া যায় না। প্রথম সিনেমাতে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। ‘দারুচিনি দ্বীপ’ আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।

গ্লিটজ : প্রস্তুতির এ সময়ে কিভাবে নিজের উন্নতি হয়েছে বলে মনে করেন?

মম:  আমি নিজেকে কীভাবে দেখি, নিজেকে কীভাবে মেলে ধরছি তা নিয়ে ভেবেছি। আমার জীবনবোধের কতটা আমি আমার অভিনয়ে প্রয়োগ করতে পেরেছি, অভিনয়ে কোনো ভিন্নতা আনতে পারলাম কি না সেসব বিষয় নিয়ে আমি কাজ করেছি। এছাড়া আমি নিজেকে কতটা ফিট রাখতে পারছি তা নিয়েও কাজ করেছি।  

গ্লিটজ: নাটকের অভিনেত্রীদের অনেকেই বিকল্প ধারার সিনেমাতে অভিনয় করলেও আপনি পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের সিনেমাই বেছে নিয়েছেন, কোনো বিশেষ কারণ আছে কী?

মম: আমি বাণিজ্যিক ও বিকল্প ধারা - এমন কথাতে বিশ্বাসী নই। প্রতিটি সিনেমাই বাণিজ্যিক। সব সিনেমাতে প্রযোজক টাকা লগ্নি করছেন, মানুষ টিকেট কেটে সিনেমা দেখতে যাচ্ছে। প্রতিটি সিনেমার সঙ্গেই বাণিজ্য ব্যাপারটি জড়িত। আমি এমন সিনেমাতে অভিনয় করতে চেয়েছি, যা সব বয়সের মানুষ দেখবে। সবাই বিনোদন পাবে। কোনো বিশেষ ধাঁচ বা শ্রেণির জন্য আমি অভিনয় করতে চাই না।

গ্লিটজ: নাটকের মতো সিনেমাতেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে মনে করছেন?

মম: দর্শকের ভালোবাসা ছিল বলেই এতদিন ধরে কাজ করছি। দর্শক চেয়েছে বলে আমি সিনেমাতে অভিনয় করছি। আমার বিশ্বাস নাটকের মতো সিনেমাতেও দর্শক আমাকে সমর্থন দেবে। তাদের ভালোবাসা থাকলে আমি সিনেমাতে অভিনয় করতে চাই।

গ্লিটজ: ‘প্রেম করব তোমার সাথে’ এবং ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমাতে আপনার চরিত্র নিয়ে কিছু বলুন?

মম: দুটি সিনেমাই রোমান্টিক ধাঁচের। প্রথমটি রোমান্টিক-অ্যাকশন এবং দ্বিতীয়টি রোমান্টিক-কমেডি। ‘প্রেম করব তোমার সাথে’ সিনেমাটি পারিবারিক গল্প। আমার প্রেমকাহিনি নিয়ে শুরু হয় জটিলতা, তারপর দুই পরিবারে দ্বন্দ্ব লেগে যায়। সিনেমাতে আমার সঙ্গে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও জায়েদ খান। ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমাতে হাসি-তামাশার মধ্যে এগিয়ে যাবে আমার ও শুভর প্রেমকাহিনি।

গ্লিটজ : আপনি কি তাহলে রোমান্টিক ধারার প্রতিই বেশি আগ্রহী?

মম: রোমান্টিসিজমের প্রতি আমার বেশি আগ্রহ। অন্য ধারার সিনেমাতেও আমি অভিনয় করতে চাই। তবে চরিত্রের গুরুত্ব কেমন, ব্যাপ্তি কতটুকু তা ভেবে অভিনয় করব। আর যদি এমন হয় যে, আমাকে নিয়ে কোনো নায়িকাকেন্দ্রিক সিনেমা নির্মিত হয়, তবে সে আমার পরম সৌভাগ্য। 

গ্লিটজ : বছরে কয়টা সিনেমা করবেন?

মম : এখন তো শুরু। দেখি শুরুটা কেমন হয়। শুরুটা ভালো হলে ভালো। চার-পাঁচটা সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে।  দর্শক যে কাজটাকে পছন্দ করে সে কাজটাকে আমি গুরুত্ব দিই। দর্শক  আমার আয়না। তাদের ভালো লাগা, মন্দ লাগাই আমার কাজের মূল্যায়ন।

গ্লিটজ: সিনেমার ব্যস্ততায় নাটক করা হবে কি?

মম: আমি উৎসব উপলক্ষে নির্মিত নাটকে অভিনয় করব। নাটকের ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাই না। সময়ের সঙ্গে অনেক কিছুই তো পরিবর্তন হয়। সিনেমার পাশাপাশি সময় পেলে নাটকে কাজ করব।

গ্লিটজ : এবার ঈদের জন্য কোনো নাটকে অভিনয় করছেন?

মম: সিনেমার ব্যস্ততায় ঈদের কোনো নাটকে অভিনয় করিনি। হয়ত হবেও না। এ প্রথমবারের মতো আমি ঈদের কোনো নাটকে অভিনয় করছি না।

গ্লিটজ: আপনার সর্বশেষ ধারাবাহিক ‘ভালোবাসার চতুষ্কোন’ এর কী অবস্থা?

মম: আমার চরিত্রের শুটিং শেষ। ধারাবাহিকটি ১৩০ পর্বে গিয়ে শেষ হবে।

গ্লিটজ : নাটকে আপনার কোনো প্রিয় চরিত্র আছে?

মম : শিহাব শাহীনের ‘নীলপরী নীলাঞ্জনা’র কথা বলব।মনের মতো একটি চরিত্র পেয়েছিলাম।

গ্লিটজ :আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রী। সেলিম আল দীনের কোনো নাটকে কাজ করেছেন? এমফিলও করছেন সেখানে। তার কী অবস্থা?

মম: বিশ্ববিদ্যালয়ের মঞ্চে সেলিম স্যারের ‘স্বর্ণগোয়াল’, ‘হাতহদাই’, ‘হরগজ’সহ আরও কটি নাটকে আমি অভিনয় করেছি। স্যারের নাটকে অভিনয় করা ছিল আমার পরম সৌভাগ্য।

আমি ‘ঐতিহ্যবাহী বাংলা নাটকের অভিনয়শৈলী’-বিষয়ে এমফিল করছি। প্রথম পর্ব শেষ করেছি।

গ্লিটজ : অভিনেত্রী মমর বাইরে ব্যক্তি মম কেমন আছে?

মম: অভিনেত্রী মমকে সময় দিতে গিয়ে ব্যক্তি মমকে সময় দিতে পারছি কোথায়! কাজের এতই চাপ। কখনও মনে হয়, অভিনেত্রী মমকেই বেশি গুরুত্ব দিচ্ছি। তবে অভিনেত্রী মমর সাফল্যে ব্যক্তি মম ভালো থাকে।