২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনাদের চটালেন জোলি 

তার প্রিয় চীনা পরিচালকের নাম জানতে চেয়েছিলেন ভক্তরা৤ আর তাতেই বাঁধলো বিপত্তি। উত্তরে তাইওয়ানিজ পরিচালক অ্যাং লি এর নাম নেওয়ায় চীনারা খেপেছেন মার্কিন তারকা অ্যাঞ্জেলিনা জোলির উপর। নিজের নতুন ছবি ‘ম্যালেফিসেন্ট’ এর প্রচারণার জন্য চীনে এসে ভক্তদের রোষের মুখে পড়লেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ, আইএএনএস/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 05:51 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

এ বিষয়ে জোলির বক্তব্য,“আমি জানিনা আপনারা অ্যাং লিকে চীনা মনে করেন কি না। তিনি তাইওয়ানিজ হলেও চীনা ভাষার বহু সিনেমা বানিয়েছেন এবং সেগুলোতে বহু চীনা অভিনেতা ও শিল্পীরা কাজ করেছেন। তার বানানো সিনেমাই আমার কাছে চীনা সিনেমা এবং সেসব সিনেমায় যারা অভিনয় করেছেন তাদেরকেই আমি চীনা কলাকুশলী হিসেবে চিনি৤ কাজেই সেসব কাজই আমার প্রিয়”। 

জোলির এমন মন্তব্যে প্রচণ্ড ক্ষুব্ধ হন চীনারা৤ এ নিয়ে অনলাইনেও জোরেশোরে শুরু হয়েছে বিতর্ক। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, কয়েকজন চীনা সিনেমাপ্রেমী ইতোমধ্যেই জোলির মুভি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে । 

এ নিয়ে একজন চীনা লিখেছেন, “তাইওয়ানিজ আর চীনাদের জাতীয়তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে একজন অসাধারণ নারী নিজেকে হাস্যরসের করে তুলেছেন।” আবার জোলিকে একজন ‘মানসিক বিকারগ্রস্থ তাইওয়ানের স্বাধীনতার সমর্থক’ বলে দাবী করেছেন আরেক চীনা।

তাইওয়ান এবং চীনের মধ্যে সেই ১৯৪৯ সাল থেকেই রাজনৈতিক দ্বন্দ্ব এবং রেষারেষি চলছে। সেই সূত্র ধরে চীনারা তাইওয়ানিজদের একটি 'বিশ্বাসঘাতক জাতি' হিসেবে অভিহিত করে থাকে।

ডিজনির ব্যানারে বানানো সিনেমা ‘ম্যালেফিসেন্ট’ জুনের ২০ তারিখ চীনে মুক্তি দেওয়ার কথা রয়েছে।