২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল নিয়ে পাঁচ হিন্দি সিনেমা

ক্রিকেটপাগল ভারতীয়দের জন্য ফুটবলনির্ভর সিনেমা খুব বেশি নির্মিত হয়নি। গ্লিটজের পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে এমন পাঁচটি সিনেমার নাম যেগুলো চলচ্চিত্রের নাটকীয়তার সঙ্গে মাঠের উত্তেজনার মিশেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 01:30 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

বেন্ড ইট লাইক বেকহাম (২০০২)

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্রকার গুরিন্দার চাড্ডা পরিচালিত ‘বেন্ড ইট লাইক বেকহাম’ পুরোদস্তুর ফুটবলের সিনেমা। লন্ডনে বসবাসরত এক রক্ষণশীল পাঞ্জাবী শিখ পরিবারের ১৮ বছর বয়সী মেয়ে জাসমিন্দার ওরফে জেসের স্বপ্ন ফুটবল তারকা হওয়ার। ইংল্যান্ড দলের সাবেক ক্যাপ্টেন এবং ফ্রি-কিক পারদর্শী ডেভিড বেকহাম তার আদর্শ। সামাজিক সংস্কার ও পারিবারিক বাঁধা এড়িয়ে এই মেয়েটির স্থানীয় মহিলা ফুটবল দলের একজন খেলোয়াড় হয়ে ওঠা এবং শেষ পযর্ন্ত আন্তর্জাতিক খ্যাতি পাওয়ার গল্প বলে এই সিনেমা। সেই সঙ্গে উঠে এসেছে যুক্তরাজ্যে ভারতীয় অভিবাসীদের সামাজিক অবস্থান ও দ্বৈত মানসিকতার বিষয়টি। জেসের চরিত্রে পারমিন্দার নাগরা, তার বাবার চরিত্রে অনুপম খের এবং আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাইরা নাইটলি। প্রথমে যুক্তরাজ্যে ইংরেজি ভাষায় মুক্তি পেলেও পরবর্তীতে বিভিন্ন ভাষায় সিনেমাটি ভাষান্তরিত হয়েছে।

ধান ধানা ধান গোল (২০০৭)

‘ধান ধানা ধান গোল’ যুক্তরাজ্যে বসবাসরত একদল দক্ষিণ এশীয়ের কাহিনী। সাউথহল ইউনাইটেড ফুটবল ক্লাব নামের এক সময়ের সফল দলকে আবার লাইমলাইটে নিয়ে আসার সংগ্রামের গল্প বলে এই সিনেমা। এই  ক্লাবের খেলোয়াড়রা সবাই অভিবাসী কেউ ভারত, কেউ পাকিস্তান, কেউবা বাংলাদেশের। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জন অ্যাব্রাহাম, আরশাদ ওয়ারসি, বিপাশা বাসু এবং বোমান ইরানি। সিনেমার পরিচালক ভিভেক আগ্নিহোত্রি ‘গোল টু’ নামে সিনেমাটির সিকুয়েল নির্মাণের ঘোষণা দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। সিনেমাটি বক্স অফিসে অসফল হলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

হিপ হিপ হুররে (১৯৮৪)

‘গঙ্গাজল’ খ্যাত পরিচালক প্রকাশ ঝার প্রথম সিনেমা ‘হিপ হিপ হুররে’। অনেকের মতে এটি ভারতের শ্রেষ্ঠ ক্রীড়াবিষয়ক সিনেমা। সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেন রাজ কিরান এবং দিপ্তি নাভাল। সিনেমার মূল চরিত্র সান্দিপ চাওধুরি (রাজ কিরান) নামের একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। সান্দিপ পড়াশোনা শেষ করে চাকরি খুঁজতে থাকেন। এরই মধ্যে তিনি ক্রীড়া প্রশিক্ষক হিসেবে রাঁচির এক স্কুলে খণ্ডকালীন চাকরি নেন এবং খেলাধুলার প্রতি উদাসীন স্কুল ফুটবল দলকে উজ্জীবীত করেন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গুলজার।

সাহেব (১৯৮৫)

আনিল গাঙ্গুলি পরিচালিত ‘সাহেব’ ফুটবল আর ত্যাগের গল্প। সিনেমার কেন্দ্রীয় চরিত্র সাহেব স্থানীয় ফুটবল দলের গোলকিপার। ফুটবলই তার ধ্যান-জ্ঞান। চার ভাইয়ের সবার ছোট সাহেব পড়াশোনায় ভালো নয় এবং বেকার। একমাত্র বোনের বিয়ে হওয়ায় বরপক্ষকে টাকা দেওয়া প্রয়োজন হয়ে পড়ে। ভাই-বোনেরা মুখ ফিরিয়ে নেওয়ায় বাবার সম্মান বাঁচাতে সাহেব এমন এক সিদ্ধান্ত নেয় যাতে তার ফুটবলার হওয়ার স্বপ্ন চিরতরে মুছে যায়। সিনেমায় নাম চরিত্রে অনিল কাপুর, বাবার চরিত্রে উতপল দত্ত এবং আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রাখির অভিনয় মনে রাখার মতো। সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি এই সিনেমাতেই জনপ্রিয় গান ‘পেয়ার বিনা চ্যায়েন কাহা রে’ উপহার দিয়েছিলেন।

সিকান্দার (২০০৯)

এই সিনেমাটি কাশ্মির সমস্যার প্রেক্ষাপটে নির্মিত। সিকান্দার রাজা আর নাসরিন নামের ১৪ বছরের দুই কিশোর-কিশোরীর জীবনের কথা বলে এই সিনেমা। সিকান্দারের স্বপ্ন একজন বড় ফুটবলার হওয়া। একদিন সে রাস্তায় একটি বন্দুক কুড়িয়ে পায়। আর এটাকেই তার স্বপ্নপূরণের হাতিয়ার মনে করতে থাকে। সিনেমাটি পরিচালনা করেছেন পিয়ুশ ঝা। আর সিকান্দার ও নাসরিন চরিত্রে অভিনয় করেছেন পারজান দাস্তুর ও আয়েশা কাপুর।