দাস থেকে মাদক ব্যবসায়ী
’টুয়েলভ ইয়ারস আ স্লেইভ’ খ্যাত তারকা চিউইতেল এজিওফোরকে এবার দেখা যাবে মাদক ব্যবসায়ী রূপে। ২০০৪ সালে প্রকাশিত ‘মার্চিং পাওডার’ বইটির উপর ভিত্তি করে গড়ে ওঠা সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।
সত্যি ঘটনার উপর ভিত্তি করে গড়ে ওঠা এই বইটি তুলে ধরেছে মাদক ব্যবসায়ী থমাস ম্যাকফ্যাডেনের জীবন কাহিনি। সিনেমায় ম্যাকফ্যাডেনের ভূমিকায় অভিনয় করছেন এজিওফোর।
‘মার্চিং পাওডার’ বইটি লিখেছেন অস্ট্রেলীয় সাংবাদিক রাস্টি ইয়াং। মাদক, বন্ধুত্ব এবং দক্ষিণ আমেরিকার ভয়াবহ একটি জেলে দিনযাপনের কাহিনী ম্যাকফ্যাডেন নিজেও বর্ণনা করেছেন এই বইটিতে।
জেলে থাকা অবস্থাতেই ইয়াং দেখা করতে যান ম্যাকফ্যাডেনের সঙ্গে। সেখানে টানা তিন মাস থেকে তিনি লিপিবদ্ধ করেন এই মাদক ব্যবসায়ীর জীবনের দুঃসাহসিক ঘটনা এবং অভিজ্ঞতা।
২০০৮ সালে এই সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা থাকলেও অনির্দিষ্ট কারণে তা পিছিয়ে যায়। এজিওফোর নয় এ চরিত্রটি তখন করার কথা ছিল হলিউড তারকা ডন চ্যাডলের।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘টুয়েলভ ইয়ারস আ স্লেইভ’ এ অভিনয় ব্রিটিশ এই তারকাকে এনে দেয় অস্কার মনোনয়ন।
জন হিলকটের থ্রিলারধর্মী ছবি ‘ট্রিপল নাইন’ এ পরবর্তীতে দেখা যাবে তাকে।
