২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফার দূত জন

২০১৪ ফুটবল বিশ্বকাপের জন্য জন আব্রাহামকে ভারতের দূত নির্বাচন করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ‘ফিফা’। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 10:39 AM

Updated : 22 Aug 2022, 06:28 PM

৪১ বছর বয়সী এই অভিনেতা ও প্রযোজক ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত। সম্প্রতি ভারতীয় ফুটবলের বিকাশের জন্য অনুষ্ঠিত এক নিলামে অংশ নেন তিনি। সনি সিক্স-এর বিশ্বকাপ নিয়ে আয়োজিত নতুন শো ‘ক্যাফে রিও’তেও নিয়মিত অতিথি হিসেবে থাকছেন জন।

এছাড়া ভারতীয় ফুটবলার শিবদাস ভাদুড়ির জীবন নিয়ে ‘১৯১১’ নামে একটি সিনেমা বানাচ্ছেন তিনি। ১৯৯১ সালের আইএফএ শিল্ড ফাইনাল ম্যাচের ঐতিহাসিক ঘটনা উঠে এসেছে এই সিনেমায়। এই ম্যাচে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ১-২ গোলে পরাজিত করে প্রথম এশীয় দল হিসেবে আইএফএ শিল্ড জয় করে মোহনবাগান। এই মোহনবাগান দলের সফল ক্যাপ্টেন ছিলেন শিবদাস ভাদুড়ি। সিনেমায় কিংবদন্তি এই খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে জনকে। জন আব্রাহাম প্রযোজিত ও সুজিত সরকার পরিচালিত এই সিনেমাটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভারতের ফুটবল নিয়ে হিন্দুস্তান টাইমসকে জন বলেন, “একজন হিরো খেলোয়াড় একটা দেশের ক্রীড়াকাঠামোকে আমূল বদলে দিতে পারে। বাইচুং ভুটিয়া প্রায় এরকম একজন হিরোর পর্যায়ে চলে গিয়েছিলেন। আমাদের এখন আরও একজন হিরো দরকার।”

তিনি বলেন, “যখনই আমরা এমন একজন হিরো পাবো, এদেশের লোকের খেলা দেখার ধরণটাই বদলে যাবে। কিছুটা সময় লাগলেও পরিবর্তন ঠিকই আসবে।”

ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দলের কথাও জানান জন।

“সত্যি বলতে বিশ্বকাপের এবারের দলগুলোকে আমার আরও ভালোভাবে বুঝতে হবে। কিন্তু ৩-৪টি দল নিয়ে কিছু টাকা বাজি ধরতে চাইলে, আমি জার্মানি আর আর্জেন্টিনাকে তালিকার প্রথমে রাখব। স্পেন আর হয়তোবা ব্রাজিলকেও আমি তালিকা থেকে বাদ দেব না।”