মাইলি সাইরাসের বাড়িতে চুরি
চুরি হয়েছে মার্কিন পপতারকা মাইলি সাইরাসে বাড়িতে। লস অ্যাঞ্জেলেসের সান ফার্নান্দো ভ্যালি এলাকায় সাইরাসের বাড়ি থেকে অলংকার এবং একটি বিলাসবহুল গাড়ি নিয়ে পালিয়েছে চোর।
পুলিশ বলছে, ৬ জুন উত্তর হলিউডের থানায় এই চুরির অভিযোগ জানান হয়।
অভিযোগে বলা হয়, একজন পুরুষ এবং একজন নারী বাড়ির নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে ভেতরে ঢুকে চুরি করে। তখন বাড়িতে কেউ ছিল না।
সাইরাসের ২০১৪ মাজেরাতি সেডান গাড়িটি চুরি করে তারা। সেইসঙ্গে নিয়ে যায় বেশকিছু অলংকার, যার পরিমাণ এখনও জানা যায়নি।
বর্তমানে দুই চোরকে খুঁজছে পুলিশ। সাইরাসের বাড়ির আশপাশের এলাকার বাসিন্দাদের বলা হয়েছে এই চুরি সম্পর্কে যে কোনো তথ্য জানানোর জন্য।
চলতি বছরের মে মাসে আরও একবার পুলিশের শরণাপন্ন হয়েছিলেন ২১ বছর বয়সী এই পপতারকা। অ্যারিজোনার এক ব্যক্তির বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ করেন তিনি।
