'ডন' মৌসুমি
টেলিভিশন নাটকের চেনা মুখ মৌসুমী নাগ সম্প্রতি শেষ করলেন তার প্রথম সিনেমা ‘রান আউট’-এর শুটিং। প্রেমিকা কিংবা স্ত্রীরূপে ঘরোয়া চরিত্রেই তাকে দেখে অভ্যস্ত নাটকের দর্শকরা। কিন্তু রূপালি পর্দায় তাকে চোখে পড়বে একেবারেই অন্যরূপে। ত্রাস সৃষ্টিকারী এক আন্ডারগ্রাউন্ড ডনের চরিত্রে দেখা যাবে তাকে।
তন্ময় তানসেন পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন সজল। সিনেমায় তার চরিত্রের নাম জেনিঠ।
‘পদ্মপাতার জল’ সিনেমার সেটে পরিচয় হয় পরিচালক তন্ময়ের সঙ্গে। তন্ময় তখন ‘রান আউট’-এর গল্প পড়ে শোনান। সিনেমার ‘জেনিঠ’ চরিত্রের জন্য মৌসুমীকে মনোনীত করা হয়।
প্রথমবারের মতো সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মৌসুমী বলেন, “সিনেমাতে আমার অভিনয় দেখানোর যথেষ্ট সুযোগ পেয়েছি। সহ-অভিনেতা সজলের সঙ্গে বোঝাপড়া অনেকদিনের। সব মিলিয়ে জেনিঠের চরিত্রটি আমি ভীষণ উপভোগ করেছি।”
এরপর মৌসুমী অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয়ের ‘আমরা যারা বাবা মা’ সিনেমাতে।
সিনেমার ভবিষ্যৎ নিয়ে মৌসুমী বলেন, “দুটি সিনেমাতেই আমার মনের মতো চরিত্র পেয়েছি বলে করেছি। যে ধারার সিনেমাই হোক, আমার বয়সের সঙ্গে মানানসই হলেই অভিনয় করব।”
‘রান আউট’-এর আগে অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও ‘মনের মতো’ চরিত্র পাননি বলে অনেক পরিচালককে ফিরিয়ে দিয়েছেন মৌসুমী।
নাটকে অভিনয়টাও চালিয়ে যেতে চান মৌসুমী। একঘণ্টার নাটকের প্রতিই তিনি ‘বেশি আগ্রহী’। ধারাবাহিকে প্রায়ই শিল্পীদের শিডিউল না পেয়ে পরিচালকরা গল্প ‘পাল্টে ফেলেন’ বলে অভিযোগ করেন তিনি।
মৌসুমী এখন নাসিরউদ্দিন মাসুদের মেগা সিরিয়াল ‘সম্পর্ক’, মিজানুর রহমান লাবুর ‘মনে কি পড়ে আমায়’ ধারাবাহিকে অভিনয় করছেন।
এছাড়া ব্যস্ত আছেন ঈদের নাটক নিয়েও। ইতোমধ্যে জামান মল্লিকের ‘তাহাদের তিনজনের গল্প’ এবং আবু সুফিয়ান বিপ্লবের ‘বনসাই’ নাটকে অভিনয় করছেন।
২০০০ সালে অরুণা বিশ্বাস পরিচালিত ‘সুরে আঁকা ছবি’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মৌসুমী।
