২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

"বলিউডে নায়িকারা বৈষম্যের শিকার"

হালের হিন্দি সিনেমায় যখন পর্দায় নায়িকাদের দাপট বাড়ছে তখনও পারিশ্রমিকের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছেন তারা-- এমনটাই বললেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে নারীকেন্দ্রিক সিনেমাগুলো যত বেশি ব্যবসাসফল হবে তত এই বৈষম্য দূর হবে বলে মনে করেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 06:05 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কা বলেন, "নায়িকাদের চেয়ে আসলেই অনেক বেশি আয় করেন নায়করা। শিল্পীদের পারিশ্রমিকের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য বাড়াবাড়ি রকমের বেশি।"

তবে গত কয়েক বছরে নারীকেন্দ্রিক সিনেমা ধীরে ধীরে জায়গা করে নেওয়ায় আশাবাদী হয়ে উঠছেন বলে জানালেন।

‘ডার্টি পিকচার’, ‘কাহানি’র মতো সিনেমাগুলোর নাম উল্লেখ করে তিনি বলেন, "এ ধরনের সিনেমার দর্শক তৈরি হয়েছে, যা খুবই আশার কথা। আমাদের এখানে অনেক ভালো অভিনেত্রী রয়েছেন। যেদিন থেকে নারীকেন্দ্রিক সিনেমাগুলো বক্স অফিসে আরও ভালো ব্যবসা করবে সেদিন থেকে আমরা আমাদের প্রাপ্য পারিশ্রমিক চাইতে পারব।”

যেখানে শীর্ষ নায়করা সিনেমা প্রতি ৪০ কোটি রুপিও আয় করেন (এছাড়াও সিনেমার লভ্যাংশ বাবদ পান একটি অংশ), সেখানে বলিউডে এ পর্যন্ত কোনো নায়িকার সর্বোচ্চ আয় ৯ কোটি ছাড়ায়নি।

ক্যারিয়ারের ১৪ বছরে পা রেখে বর্তমানে প্রতিটি সিনেমায় প্রিয়াঙ্কা নিচ্ছেন ৭ থেকে ৯ কোটি রূপি। যা কিনা নতুন অভিনেতা রানভির সিংয়ের পারিশ্রমিকের চাইতেও কম।