ছন্নছাড়ার গানের ভুবনজয়
পঞ্চাশের দশকের গোড়াতেই চার্লি চ্যাপলিনের দেখানো পথে যখন রাজ কাপুর ভারতে নিয়ে এলেন তার ভবঘুরে চরিত্রকে, তখনও কি কেউ ভাবতে পেরেছিল, অর্ধশতাব্দী পরেও সেই ছন্নছাড়ার গান গাইবে পুরো বিশ্ব? সিনেমাটির সেই আইকনিক গান- ‘আওয়ারা হু’ এখনও পর্যন্ত মাতিয়ে চলেছে গোটা বিশ্বের সংগীতপ্রেমীদের। ভারতের সীমারেখা ছাড়িয়ে যার ব্যাপ্তি এখন মধ্যপ্রাচ্য, চীন,আফ্রিকা, এমনকি পশ্চিমা বিশ্বেও।
১৯৫১ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারা’ সিনেমার এই ক্লাসিক গানটি কেবল এর সুরের কারণে নয়, বিশ্বমানবতাকে তুলে ধরা কথা এবং ভাবের কারণেও হয়েছে সমাদৃত।
জীবনের ছকে বন্দি নয়; কিন্তু ভবিষ্যত তার অনিশ্চিত-- এমনই এক ভবঘুরে, যে মানুষকে মানুষের মতোই ভাবতে শেখায়। তার কণ্ঠে উঠে আসা এই গান মুক্তির সঙ্গে সঙ্গেই মন জয় করে নেয় সবার।
সময়টা ছিল পুরো বিশ্বের জন্যই টালমাটাল এক রাজনৈতিক পালাবদলের। আফ্রিকা তখনও বিপ্লবের হাওয়া থেকে অনেক দূরে; সোভিয়েত ইউনিয়ন সবে বেরিয়ে আসছে স্টালিনিজমের খোলস ছেড়ে। এমন সময়েই রাজ কাপুর এলেন তার মনভুলো, ভাবনাহীন ভবঘুরের চরিত্রটি নিয়ে। তার গান ‘আওয়ারা হু’ যেন মানবতার অর্থ নতুন করেই ভাবতে শেখাল বিশ্ববাসীকে।
অথচ গানটির গীতিকার শৈলেন্দ্র প্রথমে রাজিই হননি রাজ কাপুরের প্রস্তাবে। বামপন্থী চিন্তাধারার এই কবি নিজের লেখাকে নিছক বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং সমাজ সচেতনতার হাতিয়ার হিসেবে ব্যবহারের পক্ষপাতি ছিলেন। আর তাই বাণিজ্যিক সিনেমায় গান লেখার প্রস্তাব যখন তার কাছে এল, একবাক্যেই ‘না’ করে দিয়েছিলেন নির্মাতাদের। কিন্তু সিনেমার ওই ভবঘুরেই মতোই বাস্তবতার কাছে পরাজিত হতে হয় তাকে। শেষপর্যন্ত রাজি হন ‘আওয়ারা হু’ লিখতে। সে সময়ের বিখ্যাত শিল্পী মুকেশের গাওয়া গানটিতে সুর দেন শঙ্কর-জায়কিশান।
তখন থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের সংগীতপ্রেমীরা সুর মিলিয়েছেন গানটির সঙ্গে।
ভারতীয় ওয়েবসাইট স্ক্রল ইন বলছে, হিন্দি ভাষার এই গান ভিনদেশি শ্রোতাদের জীবনের সঙ্গে গেঁথে গিয়েছে শুরু থেকেই। ‘আওয়ারা হু’র সুরের আদলে গান তৈরি করেছে তুর্কি, চীনা এমনকি কানাডীয়রাও।
তবে ভারতীয়দের পরে এই গানকে সবচেয়ে বেশি ভালোবেসেছে সম্ভবত তুর্কিরাই। গত কয়েক দশক ধরে অনেক তুর্কি শিল্পী এই গানটি গেয়েছেন, তবে নিজস্ব ঢঙ্গে। তুর্কি সুরের সঙ্গে খানিকটা দেশি তবলা আর সেতারের ব্যবহারও দেখা গেছে তাদের গানে।
এমনকি হিপ-হপ ঢংয়েও ‘আওয়ারা হু’ গেয়েছেন তুর্কিরা, তবে সেখানেও মূল গানটির ছন্দ থেকেছে অটুট।
গানটির আরেকটি ‘ফোক ভার্শন’ তৈরি করেছে তুর্কি গায়ক আহমেত কক। যেখানে তুরস্কের ঐতিহ্যের ছোঁয়া পাওয়া যায় অনেক বেশি। দেশটির লোক সংগীতের সুরে তৈরি করা এই গান সমাদৃত হয়েছে বিশ্বজুড়েই।
চীনের বিপ্লবী নেতা মাও সে-তুং গত হয়েছেন অনেক আগেই, কিন্তু তার প্রিয় গান ‘আওয়ারা হু’ আজও ঘুরে ফিরছে চীনাদের মুখে মুখে। আশির দশকের রক গিটারের মূর্ছনার উপস্থিতি লক্ষ্য করা গেছে ‘আওয়ারা হু’ গানটির চীনা ভার্সনে, যা মূলত একটি ‘ক্যারিওকে’ গান।
এশিয়া এবং মধ্যপ্রাচ্য জয় করে ‘আওয়ারা হু’র উন্মাদনা ছড়িয়েছে পশ্চিমেও। কানাডাতে বেশকিছু শিল্পী এই গানটি গেয়েছেন বিভিন্ন সময়ে।
