২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাউল করিম শাহের জীবনাবসান

লালন সাইজির পদ ‘সাধন ভজন সিদ্ধ হবে গুরু ভজিলে’-- এমন গুরুভক্তির কথা মনের মাধুরী ঢেলে আর গাইবেন না বাউল আবদুল করিম শাহ। দীর্ঘদিন রোগভোগের পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস এলাকায় নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

হাসান আলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 02:46 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

বাউলশিল্পী হিসেবে আবদুল করিম শাহ শিল্পকলায় একুশে পদক পান ২০১১ সালে।

সমাজসেবা অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক আবদুল গনি গ্লিটজকে জানান, বাউল করিম ১৯ এপ্রিল শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৩১ মে। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে গত ৭ জুন সকালে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট সালেক মাসুদ জানান, বার্ধক্যজনিত কারণে তার সমস্যাগুলো বেশ জটিল হয়ে পড়ে। 

একুশে পদক পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাউল করিমকে এক লাখ টাকা দেন। সেই টাকা দিয়ে তিনি চৌড়হাস এলাকায় বসতি গড়েন। হাসপাতাল থেকে সেখানেই ফিরে আসেন তিনি।

কুষ্টিয়ার লালন একাডেমির সাধারণ সম্পাদক রেজানুর রহমান খান চৌধুরী মুকুল জানান, সর্বশেষ ২০১১ সালে লালন শাহের ১২৮তম স্মরণোৎসবে বাউল আব্দুল করিম শাহ’কে গান গাইতে দেখা গেছে। এরপর থেকে অসুস্থতার কারণে আর তাকে গান গাইতে দেখা যায়নি। মাঝেমধ্যে গান গাওয়ার আকুতি লক্ষ করেছি আমরা। কিন্তু শ্বাসজনিত সমস্যার কারণে চেষ্টা করেও গান আর গাইতে পারেনি তিনি।”

তিনি আরও বলেন, “তার মৃত্যুতে লালন একাডেমি সত্যিকারের একজন আদিসুরে গান গাওয়া শিল্পী হারাল।”

শুদ্ধ উচ্চারণে লালনের গান গাওয়ার জন্য কুষ্টিয়া অঞ্চলে পরিচিত ছিলেন তিনি। কিছুদিন জেলা শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষকের ভূমিকায়ও দেখা যায় তাকে।

বাউল আবদুল করিম তরুণ বয়সে লালন সাঁইয়ের প্রতি আকৃষ্ট হন। মৃত্যুর আগ পর্যন্ত লালনের গান গেয়েছেন তিনি।

বাউল আবদুল করিম শাহ জন্ম নেন ১৯২৯ সালের ১২ জুলাই, কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামে।

“জন্মের পর তার শৈশব-কৈশোর পেরিয়ে তরুণ বয়সেই করিম বিভিন্ন পালা গান, জারি, সারি গানের আসরে গিয়ে সঙ্গ দিতেন। এভাবে তরুণ বয়সেই অল্পদিনের মধ্যে করিমের গান বেশ শ্রোতাদের আকর্ষণ করে। তিনি আশপাশের বিভিন্ন আসরে গান গেয়েছেন। আসর হলেই ডাক পড়ত করিমের। এভাবে করিম তার কন্ঠে বাউল গান গেয়ে দর্শক শ্রোতাদের মন মাতিয়ে জয় করে নিয়েছিল শ্রোতাদের।” বাউল করিম সম্পর্কে এভাবেই বলছিলেন কামারপাড়া গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক আজহার মল্লিক।

কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, প্রয়োজনীয় চিকিৎসার জন্য বাউল করিম শাহকে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসা জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে দুই লাখ টাকা অনুদানও দেওয়া হয়।

বাউলের স্ত্রী রিজিয়া খাতুন বলেন, “অভাব অনটন, অনাহার, অর্ধাহারে রোগ-শোকে জড়াজীর্ণ জীবনের অবসান ঘটল এতদিনে। দীর্ঘদিন ধরেই চলছিল এই অবস্থা। যখনই গণমাধ্যমে কিছু তুলে ধরা হত তখনই প্রশাসন বা সমাজ সেবার পক্ষ থেকে কিছু সাহায্য মিলত। এবারেও তা মিলল ঠিকই তবে ততক্ষণে তার জীবন শেষ।”

বাউল করিম আমেরিকা, ফ্রান্স, লন্ডন, ভারতসহ বেশ কয়েকটি দেশে সংগীতসফর করেছেন।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর ও সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মঙ্গলবার দুপুর আড়াই টায় চৌড়হাস ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজা শেষে মিরপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের কামার পাড়ায় আকমল শাহ নামে এক ভক্তের দানকৃত জমিতে নিহতের শেষ ইচ্ছানুযায়ী দাফন সম্পন্ন করা হয়েছে। কবরস্থানের পাশেই বিকেল পৌনে ৪টায় আরও একবার জানাজা অনুষ্ঠিত হয়।

(ভিডিওর শেষাংশে বাউল শিল্পীর অসুস্থ অবস্থায় সাক্ষাৎকার সংযুক্ত করা হয়েছে।)