২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টনি আসরে টিভি তারকাদের দাপট

রোববার নিউ ইয়র্কের রেডিও সিটি মিউজিক হলে বসেছিল টনি অ্যাওয়ার্ডসের ৬৮ তম আসর।এবারের আসরে মঞ্চ নাটকে নিজের অভিষেকেই সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা ব্রায়ান ক্র্যান্সটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 05:08 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

‘অল দা ওয়ে’ নাটকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের ভূমিকায় অভিনয় করে ড্রামা বিভাগে সেরা অভিনেতার সম্মাননায় ভুষিত হন ৫৮ বছর বয়সী এই অভিনেতা।

“দুঃসাহসী এক ড্রাগ ডিলারের চরিত্র থেকে সরে এসে মার্কিন প্রেসিডেন্টের চরিত্র ফুটিয়ে তোলা অনেক কঠিন একটি ব্যাপার ছিল" - পুরস্কার জিতে এমনটাই জানান ক্র্যান্সটন। তিনি আরো বলেন, “আপনি যদি আপনার অভিনয়ের মাধ্যমে দর্শকের অনুভূতিকে নাড়া দিতে পারেন, সেটাই আপনার জন্য সবচেয়ে বড় মাদক”।

এদিকে এবারের আসরে ষষ্ঠ বারের মতো টনি অ্যাওয়ার্ড জিতে রেকর্ড গড়েছেন মার্কিন অভিনেত্রী অড্রা ম্যাকডোনাল্ড। ‘বিলি হলিডে’ নাটকটিতে একজন জ্যাজ শিল্পীর চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন এই শিল্পী।

এর ফলে ম্যাকডোনাল্ড ভাগ বসালেন প্রয়াত অভিনেত্রী জুলি হ্যারিসের রেকর্ডে। আজীবন সম্মাননাসহ মোট ছয়টি টনি অ্যাওয়ার্ড রয়েছে এই অভিনেত্রীর ঝুলিতে।

পুরস্কার গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ম্যাকডোনাল্ড। তিনি বলেন, “আমি ধন্যবাদ জানাবো সেই সকল সাহসী এবং নির্ভীক নারীদের, যাদের জন্য আমি এই মঞ্চে এসে দাঁড়িয়েছি”।

এবারের আসরে সেরা পরিচালক হয়েছেন ডারকো ট্রেসজ্যাক। তার পরিচালিত ‘আ জেন্টলম্যানস গাইড টু লাভ অ্যান্ড মার্ডার’ এবার জিতে নিয়েছে মোট চারটি টনি। এছাড়াও ‘হেডউইগ অ্যান্ড দ্যঅ্যাঙ্গরি ইঞ্চ’ নাটকটি জিতেছে সমান সংখ্যক পুরষ্কার।

এক গ্ল্যাম রক ব্যান্ডের গল্প নিযে গড়ে ওঠা এই নাটকে  অভিনয় করে ‘হাও আই মেট ইওর মাদার’ টিভি সিরিজ খ্যাত নিল প্যাট্রিক হ্যারিস প্রথমবারের মত জিতেছেন সেরা মিউজিকাল ড্রামা অভিনেতার পুরষ্কার।

এবারের টনি অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি উপস্থাপনা করেন 'উলভারিন' হিউ জ্যাকম্যান।

১৯৪৭ সাল থেকে হয়ে আসা ‘টনি অ্যাওয়ার্ড’ মঞ্চে নৈপুণ্যের জন্য অভিনেতাদের সম্মানিত করে থাকে।