২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা সিনেমায় সুস্মিতা

অবশেষে কলকাতার সিনেমায় দেখা যাবে বাঙালি অভিনেত্রী সুস্মিতা সেনকে। নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমা ‘নির্বাক’-এর মাধ্যমে হবে সুস্মিতায় টালিউড অভিষেক।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 04:09 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

জন্ম পশ্চিমবঙ্গে হলেও দীর্ঘ ক্যারিয়ারে এর আগে কখনও বাংলা ভাষার সিনেমায় দেখা যায়নি সাবেক এই ব্রহ্মাণ্ড সুন্দরীকে। 

ভারতীয় গণমাধ্যম আইবিএন লাইভ বলছে, ‘নির্বাক’ প্রযোজনা করবে শ্রী ভ্যাঙ্কাটেশ ফিল্মস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভ্যাঙ্কাটেশ ফিল্মসের অ্যাকাউন্ট থেকে টুইট করে জানানো হয় এই খবর।

তাদের টুইটকে ‘রিটুইট’ করে খবরটি নিশ্চিত করেন সুস্মিতা নিজে।

২০১০ সালে হিন্দি সিনেমা ‘নো প্রবলেম’-এ শেষ দেখা গেছে সুস্মিতাকে। এরপর গত ৪ বছরে কোন সিনেমাতে অভিনয় করেননি তিনি।

তবে প্রহ্লাদ কাক্কারের সিনেমা ‘হ্যাপি অ্যানিভারসারি’-তে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে দেখা যাবে তাকেও, যা মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০১৫ সালে।

পরিচালক হিসেবে কলকাতা সিনে জগতে এরই মধ্যে নিজের খুঁটি গেড়েছেন সৃজিত। তার নির্মিত শেষ সিনেমা প্রসেনজিৎ অভিনীত ‘জাতিস্মর’ ২০১৪ সালে চারটি বিভাগে জাতীয় পুরস্কার জিতেছে।

এ ছাড়াও তার পরিচালিত ‘অটোগ্রাফ’, ‘বাইশে শ্রাবণ’, ‘হেমলক সোসাইটি’-- সিনেমাগুলো বেশ প্রশংসিত হয়েছে।