সুনামগঞ্জে জাতীয় হাওর উৎসব
ধর্মপাশায় প্রথমবারের মতো দু’দিনব্যাপী জাতীয় হাওর উৎসব আয়োজন করেছে সিলেটের সাংস্কৃতিক সংগঠন হাওরপারের ধামাইল (হাপাধা)- বাংলাদেশ।
মঙ্গলবার বিকাল ৩ টায় ধর্মপাশার মধ্যনগর বাজারে উৎসবের উদ্বোধন করবেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
উৎসব কমিটির সভাপতি সজল কান্তি সরকার গ্লিটজকে বলেন, “হাওরাঞ্চলের ঐতিহ্যবাহী ধামাইল গানের পাশাপাশি অন্যান্য লোকজ গানগুলো হারিয়ে যাচ্ছে। শিল্পীদের অবস্থাও ভালো না। তাদের টিকিয়ে রাখতে, তাদের কথা দেশবাসীকে জানাতে এবারের উৎসবের আয়োজন। হাওরাঞ্চলের নিজস্ব সংস্কৃতিকে মেলে ধরাই আমাদের মূল লক্ষ্য।”
সজল জানান, উৎসবে অংশ নিচ্ছে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার লোকশিল্পীরা।
উৎসবের শুরুতেই থাকছে নৌ-শোভাযাত্রা। এতে অংশ নেবেন মধ্যনগর ও পার্শ্ববর্তী এলাকার প্রতিযোগীরা। থাকবে স্থানীয় শিল্পীদের লোকনৃত্য পরিবেশনা।
উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে উৎসব স্মরণিকা ‘লোকদর্পণ’ প্রকাশনার উদ্বোধন করা হবে। উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে লোকবাদ্যযন্ত্র মেলা। সেখানে মিলবে খোল, করতাল, একতারা, বাঁশী, ডুগডুগিসহ নানা লোকজ বাদ্যযন্ত্র।
উৎসবের মূল পর্ব শুরু হবে সন্ধ্যার পর। এ পর্বে ‘বাঘের সিন্নি’ ধামাইল পরিবেশনার মাধ্যমে শুরু হবে উৎসবের মূল আনুষ্ঠানিকতা। স্থানীয় শিল্পীরা পরিবেশন করবেন রাধারমণ দত্ত, হাসন রাজা, দূরবীন শাহ, শাহ আবদুল করিমের ধামাইল গানগুলো।
গানের আসরের পর সিলেটের নবশিখা নাট্যদল পরিবেশন করবে নাটক ‘আটকুড়ে’। সবশেষে যাত্রাগান ‘উদয়’ ধামাইল পরিবেশন করবে চামারদানি যাত্রা সংঘ।
বুধবার সকাল ৮টায় বৃক্ষরোপন কর্মসূচীর পর ‘সূর্যব্রত’ ধামাইল পরিবেশনার মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। গানের সঙ্গে থাকবে নৃত্য পরিবেশনা। এতে সাত জেলা থেকে আগত শিল্পীরা পরিবেশন করবেন।
ধামাইল আসরের পাশাপাশি থাকছে কিসসা পালা, লোকনৃত্য, গাজীর গীত, সিমিস্যা গান, পুঁথিপাঠের আসর। কিসসা পালা পরিচালনা করবেন গোপী রঞ্জণ দাস। পুঁথিপাঠ করবেন মোহাম্মদ আবদুল কুদ্দুস ভুঁইয়া।
উৎসবে আদিবাসী শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে বলে জানান আয়োজকরা।
১৯৯০ সালের অক্টোবরে যাত্রা শুরু করে সাংস্কৃতিক সংগঠন হাওরপারের ধামাইল (হাপাধা)- বাংলাদেশ। প্রতিষ্ঠার পর প্রথমে ধামাইল গানের শিল্পীদের খুঁজে বের করে সংগঠনটি। বিলুপ্তপ্রায় গানগুলো সংরক্ষণ করতে শুরু করে। স্থানীয় পর্যায়ে নিয়মিতই ধামাইল গানের উৎসব আয়োজনের মাধ্যমে শিল্পীদের উৎসাহ দিচ্ছে তারা।
