টিন রোমান্সের কাছে সাই-ফাইয়ের হার
মার্কিন লেখক জন গ্রিনের বেস্টসেলার উপন্যাস থেকে নির্মিত ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স’ বাজিমাত করেছে বক্স অফিসে। টানা তিন দিন ধরে ভক্তদের মন্ত্রমুগ্ধ করে রাখার পর এবার টম ক্রুজের সাইফাই অ্যাকশন ‘এজ অফ টুমরো’কে ডিঙিয়ে গেছে এই টিন ড্রামা।
পরিচালক জশ বুন নির্মিত সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে দুই টিনএজ ছেলেমেয়েকে নিয়ে যারা ক্যান্সারের সঙ্গে লড়াই করছে।
তাদের পরিচয়, প্রেম এবং ঘর ছেড়ে বেরিয়ে পড়ার গল্প নিয়েই এগিয়ে যায় সিনেমাটি।
সিনেমাটি মুক্তি পেয়েছে ৪ জুন, ইতোমধ্যেই একে আইএমডিবিতে ৮ দশমিক ৬ শতাংশ ভোট দিয়েছে প্রায় দশ হাজার দর্শক।
১ কোটি ৭০ লাখ ডলার বাজেটের সিনেমাটি প্রথম তিনদিনে কেবল যুক্তরাষ্ট্রেই তুলে নিয়েছে ২ কোটি ৬১ লাখ ডলার। বক্স অফিস মোজোর বিশ্লেষকদের ধারণা, ১৫ জুনের মধ্যে এর আয় ছাড়িয়ে যাবে ৫ কোটি ডলার।
জুনের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ‘এজ অফ টুমরো’ বাজেটের দিক থেকে শীর্ষে। এটি নির্মাণ করতে খরচ হয়েছে ১৭ কোটি ৮০ লাখ ডলার। কিন্তু এ সপ্তাহে সিনেমাটির আয় হয়েছে মাত্র ২ কোটি ৯১ লাখ ডলার।
আবার ৩০ মে মুক্তি পাওয়া আঞ্জেলিনা জোলির সিনেমা ‘ম্যালেফিসেন্ট’ মুক্তির তৃতীয় সপ্তাহেও শীর্ষ পাঁচের মধ্যে নিজের আসন ধরে রেখেছে। এমনকি ধারণা করা হচ্ছে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে সিনেমাটি।
