রিতেশ-জেনেলিয়ার সুখবর
অবশেষে সুখবরটা দিয়েই দিলেন ‘মাস্তি’-খ্যাত রিতেশ দেশমুখ। শিগগিরই নতুন অতিথি আসছে তারকা দম্পতি রিতেশ ও জেনেলিয়ার ঘরে।
গত বছরের ৩ ফেব্রুয়ারি এক দশকের পরিচয়কে পরিণতি দেন বলিউডের এই তারকা যুগল। বিয়ের এক বছরের মাথায় তেলেগু ও হিন্দি সিনেমার নায়িকা জেনেলিয়া মা হচ্ছেন বলে গুঞ্জন শোনা যায়। কিন্তু জেনেলিয়ার মুখপাত্র একাধিকবার এই তথ্যকে মিথ্যা বলে উড়িয়ে দেন। অবশেষে জেনেলিয়ার স্বামী রিতেশই খবরের সত্যতা স্বীকার করলেন।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রিতেশ বলেন, “সে (জেনেলিয়া) মা হতে যাচ্ছে এবং আমরা এটা নিয়ে খুবই উত্তেজিত। আমরা আমাদের বাচ্চার জন্য অপেক্ষা করছি।”
এ বছরের এপ্রিলে প্রথম জেনেলিয়া সন্তাসম্ভবা বলে কানাঘুষো শুরু হয়। এর কারণ ছিল জি সিনে অ্যাওয়ার্ডসে আপাদমস্তক ঢাকা আনারকলি পরনে ‘জানে তু ইয়া জানে না’-খ্যাত এই তারকার উপস্থিতি।
পরে তামিল সিনেমা ‘ইয়েলো’-র চিত্রনাট্য নিয়ে কাজ করার সময়ও তিনি নজর আসেন ঢিলেঢালা আটপৌরে পোশাকে।
কিন্তু দুবারই জেনেলিয়ার মুখপাত্র এই খবরের সত্যতা স্বীকার করেননি।
এরপর মে মাসে অনুষ্ঠিত ‘আইফা অ্যাওয়ার্ডস ২০১৪’-এ তার অনুপস্থিতিতে এই গুজব নতুন করে হালে পানি পায়। এ সময় রিতেশ একাই যোগ দেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হওয়া এ অনুষ্ঠানে।
শেষ পর্যন্ত অনাগত সন্তানের কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি রিতেশ।
