শুভা মুদগালকে মোদিভক্তের হুমকি
সম্প্রতি সানিভেল হিন্দু মন্দিরের আমন্ত্রণে এক সংগীত সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী শুভা মুদগাল। সেখানে নিজের রাজনৈতিক অবস্থানের জন্য হুমকি শুনতে হয়েছে তাকে।
ভারতীয় দৈনিক মিড ডে জানায়, ১ জুন মন্দিরের অডিটোরিয়ামে সংগীত পরিবেশন করেন শুভা মুদগাল। সঙ্গে ছিলেন আরেক শাস্ত্রীয় সংগীতশিল্পী বোম্বে জয়শ্রি। কিন্তু মঞ্চে ওঠার আগে মন্দিরসভার এক সদস্য তার সঙ্গে দেখা করে তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মিড ডে বলছে, “সানিভেল হিন্দু মন্দিরসভার এক সদস্য তাকে তার ‘মোদি-বিরোধী’, ‘হিন্দু-বিরোধী’ আর ‘জাতীয়তাবাদ-বিরোধী’ অবস্থানের জন্য দোষারোপ করে। সে বলে যে, এসব সহ্য করবে না। তিনি তার অবস্থান থেকে সরে না আসলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও ঐ ব্যক্তি হুমকি দেয়।”
শুভা মুদগালের সঙ্গে চোটপাট করার সময় অনুষ্ঠানের আয়োজক ‘কালালায়া এন্ড বে এরিয়া তেলেগু এসোসিয়েশন’-এর সদস্যরা নীরব ছিলেন।
সান ফ্রান্সিসকোতে বসবাসকারী চিত্রগ্রাহক আশিমা ইয়াদাভ এই ঘটনা সম্পর্কে বলেন, “নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার পর থেকেই এই ধরনের দুর্বৃত্তরা মাথাচাড়া দিয়ে উঠেছে।
শুভাজির সঙ্গে ঐ বোর্ড সদস্যের এই ধরনের আক্রমণাত্মক আচরণ এটাই প্রমাণ করে। এই ধরনের আচরণ কোনোভাবেই বে এরিয়া কমিউনিটিকে প্রতিনিধিত্ব করে না। এই কমিউনিটি শিল্পীদের সম্মান জানাতে গিয়ে কখনও তাদের রাজনৈতিক মতাদর্শ বিচার করে না।”
শুভা মুদগাল নিজেই ই-মেইলের মাধ্যমে মিড ডের কাছে এই ঘটনার কথা স্বীকার করেছেন।
তিনি লিখেছেন, “১ জুন আমি একটা সমস্যায় পড়েছিলাম; তবে এখন আমি নিরাপদ আছি। আমি এখন যাত্রার মাঝপথে আছি এবং কিছুক্ষণেই বিমানে উঠব। আমার মনে হয় ঘটনার বিস্তারিত ভারতে ফিরে গিয়ে জানানোটাই ভালো হবে।”
নির্বাচনের আগে ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র অক্ষুণ্ন রাখার আবেদন জানিয়ে জনগণের প্রতি একটি খোলা চিঠিতে সই করেছিলেন শুভা মুদগাল।
