Published : 08 Nov 2025, 11:13 PM
প্রামাণ্যচিত্র প্রদর্শনী আর আলোচনা সভায় স্মরণ করা হলো ভাষাসংগ্রামী ও রবীন্দ্র-গবেষক আহমদ রফিককে।
সাহিত্য ও সংস্কৃতি চর্চার মননশীল সংগঠন ‘খামখেয়ালী সভার’ আয়োজনে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার বাংলা মোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে এ স্মরণসভা শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে ভাষাসংগ্রামী আহমদ রফিকের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর দেখানো হয় খামখেয়ালী সভার সঙ্গে আহমদ রফিকের স্মৃতি-বিজড়িত একটি প্রামাণ্যচিত্র।
অনুষ্ঠানে অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী বলেন, “আহমদ রফিক সবসময় ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের কথা বলতেন। আমাদের তার দিকনির্দেশনা মনে রাখতে হবে।
সভাপতির বক্তব্যে আহমদ রফিককে ‘সবচেয়ে বড় রবীন্দ্র গবেষক’ হিসেবে অভিহিত করেন অধ্যাপক শফি আহমেদ।
কর্মসূত্রে চীন অবস্থানের কারণে উপস্থিত থাকতে পারেননি খামখেয়ালী সভা ট্রাস্টের সভাপতি মাহমুদ হাশিম।
তিনি লিখিত বক্তব্যে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও আহমদ রফিক জাতির দিশারি হয়ে থাকবেন।
খামখেয়ালী সভার রবীন্দ্র গ্রন্থাগারে ‘আহমদ রফিকের রচনা সংগ্রহ’ সংরক্ষণ, আহমদ রফিকের রচনাকে ভিত্তি করে ‘আহমদ রফিক অধ্যয়নসভা’ শুরু এবং রবীন্দ্র গবেষকদের জন্য ‘আহমদ রফিক গবেষণা বৃত্তি’র পরিকল্পনার ঘোষণা দেন তিনি।
আহমদ রফিকের স্মৃতিরক্ষায় এবং চর্চায় আহমদ রফিক ফাউন্ডেশনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন খামখেয়ালী সভার সভাপতি।
আহমদ রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদি বলেন, আহমদ রফিকের অনেক রচনা বিশ্ববিদ্যালয়ের রেফারেন্স বই হিসেবে পাঠ্যক্রমে যুক্ত হওয়ার উচিত। কিন্তু সেটি হয়নি।
অনুষ্ঠানে কলকাতার ‘টেগোর রিসার্চ ইনস্টিটিউটের’ পক্ষ থেকে ভিডিওবার্তায় শোক ও শ্রদ্ধা জানান অধ্যাপক অভ্র বসু।
আলোচনা ফাঁকে আহমদ রফিকের রচনা থেকে পাঠ করেন আবৃত্তিশিল্পী আশরাফুল আলম ও নায়লা তারান্নুম চৌধুরী। সংগীত পরিবেশন করেন জাকির হোসেন তপন, মঞ্জু-আরা রশিদ ও নাঈমা বিন্তি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী আব্দুল মান্নান, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লালটু, অন্যপ্রকাশের পরিচালক আবদুল্লাহ নাসের, অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল হোসেন, খামখেয়ালী সভার সদস্য ও আহমদ রফিক ফাউন্ডেশনের ট্রাস্টি ইসরাত রহমান নাদিয়া।
আহমদ রফিককে ২০১৬ সালের ১০ ডিসেম্বর ‘খামখেয়ালী সভা’ 'রবীন্দ্রগুণী সম্মাননা' দেয়। আমৃত্যু তিনি খামখেয়ালী সভার প্রধান উপদেষ্টা পদে অধিষ্ঠিত ছিলেন।