ঘাটতি পূরণে সিনেমা
২০১৩-১৪ অর্থবছরে চীনের সাথে ভারতের বাণিজ্যিক ঘাটতি ছিলপ্রায় তিন হাজার পাঁচশ কোটি মার্কিন ডলার। চীনে সিনেমা মুক্তি দেওয়ার মাধ্যমে সেই ঘাটতি কমানোর পরিকল্পনা করছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। এই পরিকল্পনার অংশ হিসেবেই ২৬ জুলাই চীনে মুক্তি পেতে যাচ্ছে ‘ধুম-থ্রি’।
২০১৩ সালে মুক্তির পরপরই ‘ধুম থ্রি’ সিনেমাটি ভারতের বক্সঅফিসে ঝড় তোলে। আমির খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, উদয় চোপড়া অভিনীত সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা। বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপি ব্যবসা করা আদিত্য চোপড়া প্রযোজিত ‘ধুম থ্রি’ চীনেও সফল হবে।
চীনে ৫টি ভারতীয় সিনেমা বিক্রির একটি চুক্তি এরই মধ্যে কার্যকর রয়েছে এছাড়া চীনা কর্মকর্তারা হয়তো আরও ভারতীয় সিনেমা আমদানির আগ্রহ দেখাবেন -এমনটাই আশা করছেন ভারতীয় কর্মকর্তারা।
বাণিজ্য অধিদপ্তরের এক কর্মকর্তা ইকোনমিক টাইমসকে বলেন,“চীনা ফিল্ম গ্রুপ করপোরেশনের চেয়ারম্যান আগামী অক্টোবরে ভারত সফরে আসবেন। তার বাছাইয়ের জন্য আমরা কয়েকটি ছবি তৈরি করে রাখব। আমাদের হিসাব অনুযায়ী তারা এবার ২/৩ টি ভারতীয় সিনেমা নিতে চাচ্ছে। চীনে বাণিজ্যিক প্রদর্শনের জন্য আমরা ‘কুইন’ এবং ‘ভাগ মিলখা ভাগ’ এর নাম প্রস্তাব করবো।”
বাণিজ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, “আমাদেরকে চীনের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। আমরা এমন সিনেমাই প্রস্তাব করব যা চীনের বাজারের চাহিদা মেটাবে।”
এর আগে ২০০৯ সালে আমির খানের ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি চীনে মুক্তি পায়। মুক্তির দুই সপ্তাহের মাথায় ১১ কোটি রুপি আয় করে সিনেমাটি ইতিহাস তৈরি করে। আগামী মাসগুলোতে মুক্তি পেতে যাওয়া অন্য ভারতীয় ছবিগুলোও এমন ব্যবসা করতে পারবে বলেআশা করছে দেশটির বানিজ্য মন্ত্রণালয়।
