২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিহানার বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা

দেয়ালে মাথা ঠেকিয়ে আধশোয়া ভঙ্গিতে অনাবৃত দুই পা তুলে দিয়েছেন বড় এক পারফিউমের বোতলে-  সম্প্রতি এমন পোজেই একটি পারফিউম ব্র্যান্ডের জন্য মডেল হয়েছেন পপতারকা রিহানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুনরবি অমিয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 05:45 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

কিন্তু ‘রোগ’ ব্র্যান্ডের ওই পোস্টার প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই বাধার মুখে পড়েছে যুক্তরাজ্যে। পোস্টারে রিহানার ছবি ‘যৌন উদ্দীপক’ বলে শিশুদের চোখে পড়তে পারে এমন জায়গায় এই বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা ‘অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটি’ (এএসএ)।

গায়িকা রিহানার এই বিজ্ঞাপনটি শুধু এমন জায়গায় প্রচার করা যাবে যেখানে তা  শিশুদের চোখে পড়ার কোনো সম্ভাবনা নেই। বুধবার এমনই এক নিষেধাজ্ঞা জারি করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

‘পোস্টারের ছবি অতিরিক্ত যৌন উদ্দীপক এবং নারীদের খাটো করা হয়েছে’ এমন একটি অভিযোগ আসে এ সংস্থার কাছে। যদিও এএসএ স্বীকার করে যে, রিহানার পোশাক এখানে পর্যাপ্ত এবং তার মুখের অভিব্যক্তিও খুব একটা যৌন ইঙ্গিতপূর্ণ নয়।

সংস্থাটি এও বলে যে, পোস্টারে নারীদের খাটো করে দেখানো হয়নি। কিন্তু তাদের মতে এর প্রচার সীমিত করার প্রয়োজন ছিল।

‘রোগ’ ব্র্যান্ডের উৎপাদনকারী প্রতিষ্ঠান পারলাক্স ফ্র্যাগ্রেনসেস অবশ্য বলেছে যে, বেশিরভাগ নারীরই মনে হবে না, ছবিতে নারীদের কোনোভাবে খাটো করা হয়েছে। ‘রোগ’ নামটি এমন কাউকে বোঝায়, যার যে কোনো কিছু করার সাহস আছে। তাদের মতে, রিহানাকে এখানে এমনভাবেই উপস্থাপন করা হয়েছে।