‘ফু ফাইটার্স’-এর নতুন অ্যালবাম
তিন বছর বিরতির পর আসছে অল্টারনেটিভ রক/পোস্ট-গ্রাঞ্জ ঘরানার ব্যান্ড ফু ফাইটার্সের নতুন অ্যালব্যাম।
ব্যান্ডটির অষ্টম স্টুডিও অ্যালবাম মুক্তি পাবে এ বছরের নভেম্বর মাসে। নতুন অ্যালবাম প্রকাশের খবর নিশ্চিত করেছেন ব্যান্ডের ভোকাল ডেভ গ্রোহল।
লাউডওয়্যার ডটকম বলছে, অ্যালবামের পাশাপাশি ব্যান্ডের দুই দশক উপলক্ষ ‘ফু ফাইটার্স: সনিক হাইওয়েজ’ শিরোনামে তথ্যচিত্রও বানাচ্ছে ব্যান্ডটি।
এতে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের আটটি শহরের মিউজিক স্টুডিওকে ঘিরে ব্যান্ড মিউজিক ইতিহাসের বিবর্তন। ভোকাল ডেভ গ্রোহলের পরিচালনায় তথ্যচিত্রটি প্রচারিত হবে এইচবিওতে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অ্যালবাম নিয়ে গ্রোহল বলেন, “অ্যালবামের জন্য কাজে আরও জোর দিয়েছি আমরা। সময়ের সঙ্গে সঙ্গে গানগুলোতে এসেছে পরিবর্তন, তারপরও এটা একটা ফু ফাইটার রেকর্ড।”
অ্যালবামের রেকর্ডিংয়ের নতুনত্ব ভক্তদের চমকে দেবে বলে দাবি করেন তিনি।
“আমরা এবার এমন কিছু করছি যা আগে কখনও করিনি। অসাধারণ কিছু একটা ঘটবে বলেই আমি মনে করি।”
গ্রাঞ্জ রকের কিংবদন্তি ব্যান্ড নিরভানার ড্রামার ছিলেন গ্রোহল। ভোকাল কার্ট কোবেইন আত্মহত্যা করার পর ভেঙে যায় নিরভানা। এরপর নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে গ্রোহলের একক প্রচেষ্টাতেই ‘ফু ফাইটার্স’-এর যাত্রা শুরু। দুই দশকে ব্যান্ডের স্টুডিও অ্যালবাম বের হয়েছে ৭টি। সর্বশেষ অ্যালবাম ‘ওয়েস্টিং লাইট’ বাজারে এসেছিল ২০১১ সালে।
