হলিউডে হৃতিক?
হিন্দি সিনেমার সুপারহিরো ‘কৃশ’ উড়াল দিচ্ছেন হলিউডে। সম্প্রতি গুঞ্জন উঠেছে ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-খ্যাত পরিচালক রব কোহেনের সিনেমায় কাজ করতে পারেন হৃতিক রোশান।
জি নিউজ বলছে, সম্প্রতি মুম্বাইয়ের এক হোটেলে কোহেনের সঙ্গে নৈশভোজ সারতে দেখা গেছে রোশান পরিবারকে। এই নির্মাতার সঙ্গে হৃতিকের ঘনিষ্ঠতা দেখে এখন অনেকেই ভাবছেন হলিউডের টিকেট পেতে আর দেরি নেই তার।
বলিউড হার্টথ্রব হৃতিক হলিউডেও বেশ জনপ্রিয়। ‘টোয়াইলাইট’ সিরিজখ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট বলেছিলেন, যদি তার কখনও ছেলে হয়, তিনি চাইবেন ছেলেটি যেন হৃতিকের মতো হয়।
সম্প্রতি হৃতিকের সিনেমা ‘কৃশ থ্রি’ মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী বেশ ভালো ব্যবসা করেছে।
এখন হৃতিক ব্যস্ত ‘ব্যাং ব্যাং’-এর শুটিং নিয়ে। এতে তার সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।
