ইউটিউবে হিট ‘হাম্পটি শার্মা কি দুলহানিয়া’
পোস্টার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হাম্ফি তোলার নতুন ধারা সৃষ্টির পর এবার ইউটিউবে ঝড় তুলেছে ‘হাম্পটি শার্মা কি দুলহানিয়া’।
মুক্তির পর ইউটিউবে এ পর্যন্ত ভারুন ধাওয়ান এবং আলিয়া ভাট অভিনীত সিনেমাটির ট্রেইলার দেখেছেন ৩০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। সম্প্রতি টুইট করে এই খবর সবাইকে জানান কারান জোহার।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে ভারুন এবং আলিয়াকে। পরিচালক শশাঙ্ক খৈতান নির্মাণ করেছেন রোমান্টিক কমেডি ধাঁচের ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’। চিত্রনাট্যও লিখেছেন তিনি। আর সিনেমাটি প্রযোজনা করেছেন কারান জোহার।
কারানের ধর্মা প্রোডাকশনসের ব্যানারে এর ট্রেইলার ইউটিউবে প্রকাশ করা হয়েছিল ২৬ মে। মুক্তির এক সপ্তাহের মধ্যেই যা দেখেছেন ৩০ লাখ দর্শক।
২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর মাধ্যমে বলিউডে পা রাখার পর চলতি বছরেই মুক্তি পেয়েছে আলিয়ার দুটি সিনেমা-- ‘হাইওয়ে’ এবং ‘টু স্টেটস’। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ হবে এ বছরের জন্য আলিয়ার শেষ কাজ।
অপরদিকে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর শুধুমাত্র একটি সিনেমাতেই কাজ করেছেন ভারুন। কমেডি ধাঁচের ‘ম্যায় তেরা হিরো’তে তার সঙ্গে দেখা গেছে নার্গিস ফাখরি এবং ইলিয়ানা ডি ক্রুজকে।
‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ মুক্তি পাবে ১১ জুলাই।
