২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

“মুক্তিযুদ্ধ নিয়ে কিছুই জানতাম না”

প্রথমবারের মতো বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়ে এখন ঢাকায় ভারতীয় অভিনেত্রী রাইমা সেন। বৃহস্পতিবার দুপুরে ওই বিজ্ঞাপনচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে রাইমা জানান, দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসতে পেরে খুব ভালো লাগছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোনিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 04:09 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

“প্রথমবারের মতো বাংলাদেশি কোনো পণ্যের বিজ্ঞাপনে অংশ নিলাম। এই সুযোগে বাংলাদেশে আসাটাও হল। পাঁচ বছর আগে প্রথম এসেছিলাম। খুব ভালো লাগছে আবার আসতে পেরে।”

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রাইমা সেনের সিনেমা ‘যুদ্ধশিশু’। মৃত্যুঞ্জয় দেবব্রত পরিচালিত এই সিনেমায় তিনি অভিনয় করেছেন একজন বীরাঙ্গনার চরিত্রে।

এ রকম একটি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রাইমা বলেন, “খুবই খাটুনির  কাজ ছিল এটি। টানা একমাস সিনেমাটির জন্য দিল্লিতে শুটিং করেছি। শারীরিক এবং মানসিক-- দুদিক থেকেই প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে । তারপরও এমন একটি চরিত্রে অভিনয় করতে পারাটা গর্বের। কারণ, এই সিনেমার মাধ্যমে ১৯৭১ সালে আসলেই কী ঘটেছিল-- তা আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম জানার সুযোগ পাব।”

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তবে এই সিনেমায় অভিনয়ের আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তেমন কিছুই নাকি জানতেন না রাইমা।

“এই সিনেমার আগে আমি মুক্তিযুদ্ধ নিয়ে তেমন কিছুই জানতাম না। যখন স্ক্রিপ্টটা পড়লাম, এ বিষয়ে জানার আগ্রহ তৈরি হল। তখন আমি গুগল করে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক পড়াশোনা করলাম। আমার তারপর মনে হল, অনেকেই বিষয়টা নিয়ে খুব বেশি কিছু জানেন না। আমি তাই আমার পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রতকে বলেছিলাম, কলকাতায়ও সিনেমাটি মুক্তি দিতে। তাহলে হয়ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আরও বেশি করে মানুষ জানতে পারবে।”

রাইমা আরও জানান, হিন্দি আর ভারতীয় বাংলা সিনেমার পাশাপাশি বাংলাদেশের দর্শকদের জন্যও কাজ করতে চান তিনি। এক্ষেত্রে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমাগুলোকেই বেশি প্রাধান্য দেবেন তিনি।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘সদরঘাট’-এ অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন রাইমা।

তিনি জানান, সিনেমার শুটিংয়ের জন্য ২০১৫ সালের মাঝামাঝিতে আবারও বাংলাদেশে আসবেন তিনি। ওই সময় নানি সুচিত্রা সেনের আদি নিবাস পাবনায় প্রথমবারের মতো যাবেন তিনি।

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

“পরের বছরই আবারও বাংলাদেশে আসব। তখন ওখানে (পাবনা) শুটিং করতে যাওয়া হবে ‘সদরঘাট’ সিনেমার জন্য।”

রাইমার মুখপাত্র রুপিন্দর সিং জানান, সিনেমাটি পরিচালনা করবেন শঙ্করলাল ভট্টাচার্য। সিনেমায় তার বিপরীতে থাকবেন বাংলাদেশি অভিনেতা নীরব।

তিনি আরও জানান, আরও একটি বিজ্ঞাপনের শুটিংয়ে মাস দুয়েক পরেই আবার ঢাকায় আসবেন এই অভিনেত্রী।

প্রসাধনী প্রতিষ্ঠান লিজান হারবাল লিমিটেডের নতুন পণ্য লিজান হারবাল মেহেদির বিজ্ঞাপন উদ্বোধনের ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।