২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাঞ্জেলিনার বিয়ে কবে?

বাগদানের হয়ে গেল প্রায় দুই বছর। কিন্তু এখনও বিয়ের কোনো তাড়া নেই ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির। জোলি বলছেন, পিটের বন্ধু জর্জ ক্লুনির বিয়েটাই আগে হবে বলে ধারণা করছেন তিনি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 04:24 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

সম্প্রতি ই! অনলাইনকে জোলি বলেন, “বিয়ের কোনো আয়োজন করা হয়নি এখনও। এমনকি এখনও কোনো পোশাকও ঠিক করিনি আমি।”

ওদিকে পিট-জোলির বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। নিয়মিত গণমাধ্যমে শোনা যাচ্ছে নতুন নতুন গুঞ্জন।

এ বিষয়ে জোলি বলেন, “এই বিশেষ দিনটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে আমরা এটাও জানি যে, আমাদের বিয়েকে ঘিরে মানুষের আগ্রহ অনেক বেশি।”

৫০ বছর বয়সী অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে ২০০৫ সাল থেকে প্রেম করছেন জোলি। একসঙ্গে তাদের রয়েছে ছয় সন্তান, এদের মধ্যে দত্তক নেওয়া হয়েছে চারজনকে।

জোলি আরও জানান, আপাতত সন্তানদের সঙ্গে নিজেদের বিয়ে নিয়ে আলোচনা করছেন তারা। তিনি বুঝতে চান তাদের বিয়েকে বাচ্চারা কীভাবে গ্রহণ করবে।

যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট পত্রিকাকে জোলি জানান, তাদের আগেই সম্ভবত বিয়ে হবে ক্লুনির।

আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, ক্লুনির বিয়ের গুঞ্জন চলছে হলিউডজুড়েই। ধারণা করা হচ্ছে, ১২ সেপ্টেম্বর ইতালিতে বিয়ের পিঁড়িতে বসবেন ক্লুনি-- আলামুদ্দিন। তবে এর আগে ক্লুনির নিজের বাড়ি আর লেবাননে আমাল আলামুদ্দিনের বাড়িতে হবে বিশেষ অনুষ্ঠান।