‘সব হিসেব মেটাতে চাই’
৯ জুন মুম্বাইয়ে প্রকাশিত হতে যাচ্ছে হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেতা দিলিপ কুমারের আত্মজীবনী ‘দিলিপ কুমার: দ্য সাবস্ট্যান্স এন্ড দ্য শ্যাডো’। আত্মজীবনীতে মাধুবালার সঙ্গে প্রেম ও বিচ্ছেদ আর সায়রা বানুর সঙ্গে বিয়ে নিয়ে অকপটে কথা বলেছেন দিলিপ কুমার।
সাহিত্যিক ও চিত্রনাট্যকার সাদত হাসান মান্টো তার স্মৃতিচারণমূলক বই ‘গাঞ্জে ফারিশতে’তে বলেন, ‘মুঘল-ই-আজম' সিনেমার সহঅভিনেত্রী মধুবালা তার হেয়ারড্রেসারকে দিয়ে দিলিপ কুমারের কাছে একটি চিরকুটে প্রেমের প্রস্তাব ও গোলাপ পাঠান।
চিরকুটে আরও লেখা ছিল দিলিপের সম্মতি থাকলে তিনি যেন গোলাপটি গ্রহণ করেন। এভাবেই শুরু হয় তাদের প্রেম। যদিও তা পরিণতি পেয়েছিল আদালতে। একটি সিনেমাকে কেন্দ্র করে কাঠগড়ায় দিলিপের বিরুদ্ধে সাক্ষ্য দেন মধুবালা। এরপরই ভেঙে যায় তাদের সম্পর্ক।
এবার নিজের জবানিতেই প্রেম ও বিচ্ছেদের বয়ান করেছেন। সেই সঙ্গে আরও বলেছেন ২২ বছরের ছোট সায়রা বানুর সঙ্গে বিয়ের কথাও।
ভারতীয় সিনেমার এই কিংবদন্তির মতে ‘সব হিসেব মেটাতেই’ এই আত্মজীবনী। এখন পর্যন্ত তাঁর সম্পর্কে অনেককিছু লেখা হলেও সেগুলোর বেশিরভাগই ছিল বিকৃত এবং ভুল তথ্যে ভরা।
১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ইউসুফ খান নামের এক অপরিণত অভিনেতার। বোম্বে টকিজ-এর তৎকালীন মালিক দেভিকা রানির সঙ্গে পরিচয় তাঁকে এই সুযোগ এনে দেয়। রুপালিজগতে দিলিপ কুমার নামে অভিনয় শুরু করা এই অভিনেতার প্রথম সিনেমা অবশ্য খুব একটা সফল হয়নি। ১৯৪৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুগনু’ সিনেমার মাধ্যমে প্রথমবার নজরে আসেন তিনি।
এরপর ষাট দশকের অভিনয় জীবনে দিলিপ কুমার একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গেছেন। তাঁর অভিনীত সিনেমার সংখ্যা ষাটের বেশি।
‘জুগনু’, ‘শাহিদ’, ‘মেলা’, ‘আন্দাজ’, ‘দিদার’, ‘দাগ’, ‘দেভদাস’ সিনেমায় অভিনয়ের সুবাদে ‘ট্র্যাজেডি কিং’ খেতাব পাওয়া দিলিপকে এক পর্যায়ে এক ব্রিটিশ মনোবিজ্ঞানীরও শরণাপন্ন হতে হয়। চিকিৎসকের পরামর্শে কমেডি সিনেমায় অভিনয় শুরু করেন। এর ফলে দর্শকরা পায় ‘আজাদ’, ‘কোহিনূর’, ‘রাম অউর শাম’, ‘লিডার’-এর মতো রোমান্টিক কমেডি সিনেমা।
১৯৮১ সালে তাঁর অভিনয় জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয় ‘ক্রান্তি’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গেছেন। এর মধ্যে রয়েছে ‘ভিধাতা’, ‘শাক্তি’, ‘মশাল’, ‘কারমা’, ‘সওদাগার’ এবং ‘কিলা’।
৬ জুন বইটির প্রকাশনাকে কেন্দ্র করে আয়োজন করা হচ্ছে এক জমকালো অনুষ্ঠানের। অনুষ্ঠান উপস্থাপনা করবেন নির্মাতা কারান জোহার। প্রদীপ জ্বালিয়ে গান গাইবেন লতা মঙ্গেশকার। এরপর বইয়ের মোড়ক উন্মোচন করবেন অমিতাভ বচ্চন ও আমির খান। প্রসুন জোশির লেখা একটি কবিতাও আবৃত্তি করবেন আমির। এছাড়াও অনুষ্ঠানে দীর্ঘদিনের সহকর্মীকে নিয়ে কথা বলার কথা রয়েছে বৈজন্তিমালা এবং ধর্মেন্দ্রর।
