২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাট-রানবিরের বিয়ে এ বছরই?

ক্যাটরিনা কাইফ এবং রানবির কাপুরকে নিয়ে এবার উঠেছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, খুব শিগগিরই বাজবে তাদের বিয়ের সানাই।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 03:33 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

এক সূত্রের বরাতে ভারতীয় টেলিভিশন চ্যানেল জুমের দাবি, সম্প্রতি ‘জাগগা জাসুস’ সিনেমার শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থানকারী ক্যাট-রানবিরের পরিবার একসঙ্গে বসেছিলেন, যেখানে ঠিক করা হয়েছে তাদের বিয়ের তারিখ।

জুম বলছে, বিয়েটা হচ্ছে ২০১৪ শেষ হবার আগেই। তবে ঠিক কত তারিখে তা এখনও অনিশ্চিত।

এখনও নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও ঘনিষ্ঠভাবে জনসম্মুখে দেখা দিতে এখন আর দ্বিধা করছেন না তারা।

এমনকি সম্প্রতি গুঞ্জন উঠেছিল, একসঙ্গে থাকার জন্য বাড়িও খুঁজে নিয়েছেন এই জুটি। মুম্বাইয়ের ব্যান্ড্রা এলাকায় রানবিরের নতুন ফ্ল্যাট সাজানোর সময় ক্যামেরাবন্দি হন ক্যাটরিনা।

অবশ্য এখনও একসঙ্গে বসবাস করা শুরু করেননি তারা। বলিউড লাইফ বলছে ‘জাগগা জাসুস’-এর শুটিং শেষে আফ্রিকা থেকে ফিরে জুন মাসের মাঝামাঝি সময়ে রানবিরের বাড়িতে উঠবেন ক্যাট।

২০০৯ সালে ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয় হয় দুজনের।  এরপর থেকেই হিন্দি সিনেপাড়ায় বারবার শোনা গেছে তাদের প্রেমের গুঞ্জন। এমনকি কারান জোহারের টকশো ‘কফি উইথ কারান’ এ ক্যাটরিনা কাইফের সাবেক ‘প্রেমিক’ সালমান খানও বলেন, রেস্তোরাঁয় একসঙ্গে নৈশভোজ করতে দেখেছেন এই জুটিকে। চাচাতো ভাই রানবিরের সঙ্গে ‘কফি উইথ কারান’ এ হাজির হয়ে খোদ কারিনা কাপুর খানও বলেছিলেন, ‘আমি ক্যাট-রনবিরের বিয়েতে নাচব।’ সেই সঙ্গে ক্যাটরিনাকে ‘ভাবী’ বলেও সম্বোধন করেন তিনি।