২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্টার ওয়ার্স’ এ নিয়ঙ্গ

অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ঙ্গকে এবার দেখা যাবে ‘স্টার ওয়ার্স’ সিরিজের পরবর্তী সিনেমায়। খবরটি নিশ্চিত করা হয়েছে মুভি ফ্যাঞ্চাইজির অফিশিয়াল ওয়েব সাইট থেকেই।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 06:24 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

নিমার্তারা আরও জানিয়েছেন ব্রিটিশ অভিনেত্রী গুয়েন্ডোলাইন ক্রিস্টিও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করবেন।

বিবিসি বলছে, কেনিয়ান এই অভিনেত্রীর নাম ঘোষণা করা হলেও সিনেমায় তার ভূমিকা কী হবে, সে বিষয়ে এখনও খোলাসা করে কিছু জানানো হয়নি।

প্রযোজনা প্রতিষ্ঠান লুকাস ফিল্মসের প্রেসিডেন্ট ক্যাটলিন কেনেডি বলেন, “লুপিতা এবং গুয়েন্ডোলাইনের যোগ দেওয়া নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। তাদের মতো প্রতিভাবান শিল্পীদের নিয়ে এই সিনেমায় কাজ করাটা হবে রোমাঞ্চকর।”

চলতি বছরের অস্কারে সেরা সিনেমার পুরস্কার জেতা ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’-এ নির্যাতিতা এক ক্রিতদাসের ভূমিকায় অভিনয় করে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর অস্কার পান নিয়ঙ্গ। তারপর থেকেই তিনি নতুন কোন সিনেমায় কাজ করবেন এ নিয়ে চলছিল আলোচনা। বছরের শুরুতেই খবর এসেছিল ‘স্টার ওয়ার্স’-এর নতুন পর্বেই দেখা যেতে পারে তাকে। খবরটিতে সত্য প্রমাণ করেই এবার আবুধাবিতে শুটিং শুরু করেছেন তিনি।

তবে অভিনেত্রী গুয়েন্ডোলাইন ক্রিস্টির সিনেমায় অন্তর্ভুক্তির খবরটি এল চমক হিসেবেই। এইচবিওর জনপ্রিয় টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোনস’-এ টার্থের যোদ্ধা ব্রিয়ানের ভূমিকায় অভিনয়ের সুবাদে এর মধ্যেই পরিচিতি পেয়েছেন ছয় ফুট তিন ইঞ্চি দৈর্ঘ্যের এই অভিনেত্রী। তবে নিয়ঙ্গর মতোই সিনেমায় তার ভূমিকা এখনও রহস্যাবৃতই করে রেখেছে লুকাস ফিল্মস।

সিনেমায় নিয়ঙ্গ এবং ক্রিস্টির সঙ্গে আরও দেখা যাবে জন বোয়েগা, ডেইজি রিডলি, অ্যাডাম ড্রাইভার, অস্কার আইজ্যাক, অ্যান্ডি সারকিস, ডমনেল গ্লিসন এবং ম্যাক্স ভন সিডোকে। সিরিজের নিয়মিত চরিত্রগুলোতে হ্যারিসন ফোর্ড, ক্যারি ফিশার, মার্ক হ্যামিল, অ্যান্থনি ড্যানিয়েলস, পিটার মেইহিউ এবং কেনেডি বেকাররা তো আছেনই।

মে মাসে আবুধাবিতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

২০১৫ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাবে এখনও পর্যন্ত নাম ঠিক না হওয়া এই সিনেমা।