২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্ডিয়ানা জোন্স প্যাটিনসন?

মুভি সিরিজ ‘ইন্ডিয়ানা জোন্স’ নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ডিজনি। শোনা যাচ্ছে, নতুন এই সিনেমায় হ্যারিসন ফোর্ড অভিনীত কিংবদন্তি এই চরিত্রে দেখা যেতে পারে ‘টোয়াইলাইট’ সিরিজখ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসনকে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 05:39 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

শোবিজস্পাই বলছে, নতুন ইন্ডিয়ানা জোন্সের খোঁজে কোমর বেঁধে নেমে পড়েছেন নির্মাতারা। দশজন অভিনেতার একটি সম্ভাব্য তালিকাও তৈরি হয়ে গেছে এরমধ্যেই। জনপ্রিয়তার মাপকাঠিতে তালিকার শীর্ষেই নাকি অবস্থান করছেন প্যাটিনসন। এ তালিকায় আরও আছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস পাইন এবং চ্যানিং ট্যাটাম।

এক সূত্র বলছে, “ইন্ডিয়ানা জোন্স ফ্রাঞ্চাইজি নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনাই করছে ডিজনি। তাদের মতে, বিভিন্ন দিক থেকেই সিরিজটিকে নতুন করে তৈরি করার অনেকগুলো যুক্তি রয়েছে। বিশেষ করে এই সিরিজ থেকে নতুন সিনেমা, নতুন গেইম-- সব কিছুই তৈরি করা সম্ভব। ব্যবসার দিক থেকে যা কিনা অন্য যে কোনো সিরিজের চেয়ে বেশি সাফল্য পাবে বলেই তাদের ধারণা।”

হলিউড জুড়ে এখন জোড় গুজব, খুব দ্রুতই নতুন করে ইন্ডিয়ানা জোন্স সিরিজের দুটি সিনেমা তৈরির কাজে হাত দেবে ডিজনি।

ইন্ডিয়ানা জোন্স সিরিজের শেষ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অফ ক্রিস্টাল স্কাল’ নামের ওই সিনেমাতেই সর্বশেষ দেখা গেছে হ্যারিসন ফোর্ডকে।

৭১ বছর বয়সী এই অভিনেতা প্রথমবারের মতো এই চরিত্রে অভিনয় করেছিলেন ১৯৮১ সালের সিনেমা ‘রেইডার্স অফ দ্য লস্ট আর্ক’ এ। তখন থেকেই রোমাঞ্চপ্রিয় প্রত্নতত্ত্বের এই অধ্যাপকের চরিত্র সিনেমাপ্রেমীদের হৃদয়ে আসন গাড়ে।

সবকিছু ঠিক থাকলে ২০১৬ সাল থেকেই যাত্রা শুরু হবে নতুন ইন্ডিয়ানা জোন্সের।