বর্ণবাদী বিবার?
এবার বর্ণবাদী কৌতুক করে বিপাকে পড়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার।
অনলাইনে প্রকাশ পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিবার তার বন্ধুদের সঙ্গে মশকরা করে বলছেন, ‘কালো মানুষেরা করাতকে এতো ভয় পায় কেন?’ এরপর কৃষ্ণাঙ্গদের তাচ্ছিল্য করে পাঁচবার ‘নিগ্রো’ শব্দটি উচ্চারণ করেন তিনি।
বিতর্কিত এই ভিডিওটি অনলাইনে প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান।
কন্টাক্টমিউজিক বলছে, ভিডিওটি সম্ভবত তিন বছর আগে ধারণ করা হয়েছে। কারণ ২০ বছর বয়সী বিবারকে এখানে ১৭ বছর বয়সী কিশোর বলে মনে হয়।
ধারণা করা হচ্ছে, ২০১১ সালে বিবারের উপর প্রথম তথ্যচিত্র ‘নেভার সে নেভার’ নির্মাণের সময় ধারণ করা হয় এই ভিডিও।
ওদিকে দ্য সান পত্রিকার দাবী, এই ভিডিওর কথা অনেকদিন ধরেই জানতেন বিবার। এমনকি ভিডিওটি যেন ফাঁস না হয় সেজন্য ঘুষ দেওয়ারও চেষ্টা করেছেন তিনি।
এক সূত্রের বরাত দিয়ে দ্য সান বলছে, বিভিন্ন জাতীয়তার অনেক সংগীতশিল্পীর সঙ্গে কাজ করেছেন বিবার, আয় করেছেন লাখ লাখ ডলার। এই ভিডিও প্রকাশের পর এবার তার প্রতি কৃষ্ণাঙ্গ শিল্পীদের দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে পারে।
আশঙ্কা করা হচ্ছে এই ভিডিওকে কেন্দ্র করে বিবারের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানাতে পারেন কৃষ্ণাঙ্গ শিল্পীরা। তাছাড়া ভক্তদের উপরও খুবই খারাপ প্রভাব ফেলবে বিবারের এই ভিডিও।
যার হাত ধরে বিবার প্রবেশ করেছেন সঙ্গীত জগতে, তিনি নিজেও একজন আফ্রিকান-আমেরিকান। ১৪ বছর বয়সে গায়ক আশারের চোখে পড়েন বিবার। এরপর আশারের কোম্পানির মাধ্যমেই প্রকাশিত হয় তার প্রথম সিঙ্গেল।
