ডেমোক্র্যাট ক্লুনি?
'আইডেস অফ মার্চ’ সিনেমার প্রেসিডেন্ট পদপ্রার্থী ঝানু রাজনীতিকের কথা মনে আছে? গভর্নর মাইক মরিস চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন জর্জ ক্লুনি। রূপালি পর্দা থেকে বেরিয়ে বাস্তব জীবনেও সক্রিয় রাজনীতিতে পদার্পন করতে চান ৫৩ বছর বয়সী এ অভিনেতা।
হবু স্ত্রী আমাল আলামুদ্দিনের অনুপ্রেরণায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন ক্নুনি - এমনটাই বলছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর। লন্ডনভিত্তিক আইনজীবী আলামুদ্দিন উইকিলিকস প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জের প্রতিনিধিত্ব করেছেন।
ডেইলি মিররকে ক্লুনির এক ঘণিষ্ট বন্ধু জানিয়েছেন, “ রাজনীতিতে প্রবেশ এবং উন্নতির বিষয়ে জর্জ বেশ আশাবাদী। তিনি অনেক উচ্চাকাঙ্ক্ষী। তিনি মানবতার সেবায় আরও সক্রিয় ভাবে যুক্ত চান এবং ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে কাজ করতে চান”। ধারণা করা হচ্ছে আলামুদ্দিনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার পরেই তিনি রাজনীতিতে পা রাখবেন।
‘সিরিয়ানা’ খ্যাত এই অভিনেতা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বন্ধূস্থানীয়। এছাড়া ২০১৩ সালে সুদানের রাজধানী দারফুরে সংঘর্ষের প্রতিবাদ জানাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সুদানী দূতাবাসের বাইরে গ্রেফতার হন এ অভিনেতা।
তবে ২০১১ সালে নিউজউইককে দেয়া এক সাক্ষাৎকারে জর্জ ক্লুনি নিজেই তার প্লেবয় ভাবমূর্তির কারণে রাজনীতিতে সফলতার বিষয়ে সন্দেহ পোষণ করেছিলেন। মনে হচ্ছে সন্দেহ কাটিয়ে এখন অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি।
