সবচেয়ে আবেদনময়ী দিপিকা
চার চারটি ব্লকবাস্টার হিট সিনেমা আর সেই সঙ্গে সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার – সব মিলিয়ে ২০১৩ সালটি ভালোই কেটেছে দিপিকা পাড়ুকোনের। হিন্দি সিনেমার এই অভিনেত্রী এবার নির্বাচিত হয়েছেন বছরের সবচেয়ে আবেদনময়ী তারকা হিসেবে। ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার জরিপে ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া আর সানি লিওনিকে পেছনে ফেলে এই খেতাব অর্জন করেছেন তিনি।
জরিপে দিপিকার পক্ষে পড়েছে প্রায় সাড়ে সাত লাখ ভোট। এ দ্বিতীয়বারের মত এই খেতাব পেলেন তিনি। গত বছরের চারটি ১০০ কোটির উপরে আয় করা সিনেমার সাফল্য তো বটেই, দিপিকার এই জয়ের পেছনে প্রভাব রেখেছে চলতি বছরের শুরুতেই শাহরুখ খানের বিপরীতে ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ঘটনাও। তাছাড়া ‘গোলিও কি রাসলিলা: রাম-লিলা’ সিনেমার সহ অভিনেতা রানভির সিংয়ের সঙ্গে চলমান প্রেমের গুজব তো আছেই।
শীর্ষ পাঁচে আরও আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৩ সালে তার কোনো সিনেমা ব্যবসাসফল না হলেও পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।
তালিকার নয় নম্বরে আছেন কাঙ্গানা রানাউত। চলতি বছরের হিট সিনেমা ‘কুইনে’র সুবাদে ক্যারিয়ারের সবচেয়ে ভাল সময় পার করছেন তিনি। দশ নম্বরে আছেন শ্রদ্ধা কাপুর। গত বছরের আরেক ব্লকবাস্টার ‘আশিকি টু’ খ্যাত এই অভিনেত্রী এখন ব্যাস্ত তার পরবর্তী সিনেমা ‘এক ভিলেইনে’র প্রচারণা নিয়ে।
‘হাইওয়ে’ আর ‘টু স্টেটসে’র কল্যাণে চলতি বছরে এখনও পর্যন্ত সবচেয়ে সফল অভিনেত্রী আলিয়া ভাট আছেন ১১ নম্বরে। পাকিস্তানি বংশোদ্ভূত মডেল-অভিনেত্রী নার্গিস ফাখরি আছেন ঠিক তার পরেই। ‘রানঝানা’ খ্যাত অভিনেত্রী সোনাম কাপুর নেমে এসেছেন ১৪ নম্বরে।
অভিনেত্রী পারিনিতি চোপড়া প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন এই তালিকায়, আছেন ৪৪ তম অবস্থানে।
