শীর্ষে ‘টু স্টেটস’, হিট ‘হিরোপান্তি’
মুক্তির এক সপ্তাহ পরই ‘হিট’ বলা হচ্ছে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের প্রথম সিনেমা ‘হিরোপান্তি’কে। ওদিকে আলিয়া ভাট আর আর্জুন কাপুর অভিনীত ‘টু স্টেটস’ রাজত্ব করছে বিশ্বজুড়েই। চলতি বছরে আন্তর্জাতিক বাজারে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমাগুলির মধ্যে ব্যাবসার দিক থেকে এখন শীর্ষে এই সিনেমা।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে চলতি মাসের তৃতীয় শুক্রবারে মুক্তি পাওয়া টাইগার শ্রফ আর কৃতি শ্যাননের মশলাদার মুভি ‘হিরোপান্তি’ এক সপ্তাহেই আয় করেছে প্রায় ৩৮ কোটি রুপি। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্বেও ভারতজুড়ে বেশ ভালো ব্যবসাই করছে সিনেমাটি।
বক্স অফিস বিশেষজ্ঞ তারান আদার্শ বিষয়টি নিয়ে টুইটারে বলেন, “ভালোভাবেই বক্স অফিস মাতাচ্ছে ‘হিরোপান্তি’। শুক্রবার সিনেমাটির আয় ২ কোটি ৭ লাখ রুপি। মোট আয় ৩৭ কোটি ৯৮ লাখ রুপি।”
অন্যদিকে আলিয়া ভাট এবং অর্জুন কাপুর অভিনীত ‘টু-স্টেটস’ মুভিটি আন্তর্জাতিক বাজারে ব্যাবসা চালিয়ে যাচ্ছে এখনও। ১০২ কোটি রুপি আয় করে ভারতের বক্স অফিসে এর স্থান এখন ২য়। কিন্তু আন্তর্জাতিক আয়ে ২০১৪ সালের এখন পর্যন্ত সবচেয়ে ব্যবসাসফল ছবি হিসেবে নিজের জায়গা করে নিয়েছে সিনেমাটি।
তারান আদার্শ আরেকটি টুইট করে জানান, “এখন আন্তর্জাতিক বাজারে ২০১৪ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘টু স্টেটস’ । এর মোট আন্তর্জাতিক আয় ৫৮ লাখ মার্কিন ডলার। ২০১৪ সালে আন্তর্জাতিক আয়ের দিক থেকে সবচেয়ে বেশি।”
