খানদের নাম নিইনি- পারিনিতি
শাহরুখ, আমির এবং সালমান খানের সঙ্গে কাজ করতে চান না পারিনিতি চোপড়া। এমন খবর প্রকাশের পর বেশ সাড়াই পড়ে গিয়েছিল হিন্দি সিনেপাড়ায়। কিন্তু এখন এই অভিনেত্রী বলছেন এমন কোনো কথাই বলেননি তিনি। তার কথাকে ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করা হয়েছে বলেই দাবি করছেন তিনি।
২৯ এপ্রিল ইয়াশ রাজ প্রোডাকশনের ফ্যাশন হাউজ ‘দিভানি’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে পারিনিতি বলেন, “আমাকে প্রশ্ন করা হয়, আমি কখনও সিনিয়র অভিনেতাদের সঙ্গে কাজ করার প্রস্তাব পেয়েছি কিনা। উত্তরে আমি বলি, প্রস্তাব পেয়েছি তবে ঐসব সিনেমায় আমার চরিত্রের তেমন কোন ভূমিকা ছিল না। তাই আমি সে সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আমি নির্দিষ্ট কোন অভিনেতার নাম বলিনি।”
তবে ঠিক কোন সিনেমার জন্য তাকে প্রস্তাব দেয়া হয়েছিলো সে বিষয়ে কিছু বলতে রাজি হননি ২৫ বছর বয়সী এই অভিনেত্রী।
“যে সব সিনেমায় আমাকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলবো না। আমি যেই সিনেমায় কাজ করবো শুধুমাত্র তা নিয়েই কথা বলবো।”
এখন পর্যন্ত শুধুমাত্র নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গেই কাজ করেছেন পরিনিতি। ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ সিনেমায় রানভির সিংয়ের বিপরীতে একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী এরপর কাজ করেছেন অর্জুন কাপুর, সুশান্ত সিং রাজপুত এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। এ বছর মুক্তি আদিত্য রয় কাপুরের বিপরীতে ‘দাওয়াত-এ-ইশক’ এবং রানভির সিং এর সঙ্গে ‘কিল দিল’ মুক্তি পাচ্ছে তার।
