২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ছুঁয়ে দিলে মন' ইউনিটের টাকা ছিনতাই

বৃহস্পতিবার দুপুরে সিলেট শহরে ছয়জন অস্ত্রধারী 'ছুঁয়ে দিলে মন' ইউনিটের ৩ লাখ ৬১ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে দাবি করছেন পরিচালক শিহাব শাহীন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 03:05 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

টেলিভিশন নাটকের এই পরিচালকের এটাই প্রথম সিনেমা।

গ্লিটজকে শাহীন জানান, জাবেদ, সুমন ও দেলওয়ার নামে ইউনিটের তিন সদস্য সকালবেলা ব্যাংক থেকে টাকা তুলতে যায়। দুপুরে একটি অটোরিকশায় শুটিং স্পটে ফেরার পথে শহরের খুলিয়াপুর এলাকার গরম দেওয়ান মাজারের সামনে তাদের গতিরোধ করে ছয় ছিনতাইকারী। তিনটি মোটরসাইকেলে করে তাদের অনুসরণ করা হচ্ছিল বলে জানিয়েছেন তারা। 

শাহীন বলেন, “গতিরোধের পর তারা অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ইউনিট সদস্যদের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।”

এ ঘটনায় বৃহস্পতিবারই বাদি হয়ে সিলেটের কোতোয়ালী থানায় একটি মামলা করেছেন শাহীন। 

শুভ-মম জুটির প্রথম সিনেমাটি শিহাবের নিজের প্রতিষ্ঠান ‘মনফড়িং’-এর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে সারা যাকেরের প্রতিষ্ঠান ‘ধ্বনিচিত্র’।  

সিনেমাটিতে একটি নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে। আরও অভিনয় করছেন আলীরাজ, তুষার খান, মাহমুদ সাজ্জাদ প্রমুখ।

পুরনো খবর:

চলচ্চিত্রে সাফল্য চান শিহাব শাহীন